পঞ্চগড়ে ভিতরঘর দুর্গে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ
পঞ্চগড়ে ভিতরঘর দুর্গ এলাকায় সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কেউ যাতে ওই এলাকার কোনো ক্ষতি করতে না পারে সে জন্য ব্যবস্থা নিতে পঞ্চগড়ের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় অ্যাসোর্ট প্লাস লিমিটেড ও সেলিলান টি এস্টেট প্রকল্পের কার্যক্রমের ওপর ছয় মাসের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন হাইকোর্ট।আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিটের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন এবং রুল জারি করেন। মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ গতকাল সোমবার রিটটি করেন।প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।আদালত ‘ভিতরঘর দুর্গ’ সংরক্ষণের জন্য এবং গেজেট প্রকাশের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চান। আগামী তিন সপ্তাহের মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক (ডিজি), পঞ্চগড়ের জেলা প্রশাসক, পুলিশ সুপার, অ্যাসোর্ট প্লাস লিমিটেড ও সেলিলান টি এস্টেট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।প্রসঙ্গত, পঞ্চগড় সদর উপজেলায় সপ্তম শতকে নির্মিত দুর্গনগরী সংরক্ষণে সরকারী উদ্যোগ নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। অতীতে ওই নগরটি বাংলা, নেপাল, ভুটান, তিব্বতসহ বিস্তৃত এলাকার বাণিজ্যকেন্দ্র হিসেবে ব্যবহূত হতো বলে রিটে উল্লেখ করা হয়।