পঞ্চগড়ে ভিত্তিপ্রস্তর স্থাপনের চার বছরেও সেতু হয়নি
সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের লাখেরাজ ঘুমটি-ধনীপাড়া সড়কে টাঙ্গন নদের ওপর সেতু নির্মাণের জন্য দুই বছর আগে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও এটি নির্মিত হয়নি। এ কারণে ১৮টি গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে।স্থানীয় লোকজন জানান, এখানে সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৪৫ লাখ টাকার একটি প্রকল্প গ্রহণ করে। জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার ২০০৬ সালের ২৪ আগস্ট এখানে সেতু নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু আর কোনো কাজ এগোয়নি।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ঘুমটি-ধনীপাড়া রাস্তায় টাঙ্গন নদের ওপর সেতুর স্বপ্ন দেখে আসছে সাহাজীপাড়া, বাহাদিপাড়া, আজাদপুর, সাহাপাড়া, রজলীপাড়া, হরিপুর, সরকারপাড়া, লাখেরাজ ঘুমটি, মাছুয়ার পাড়া, কাশিমপুর, গেদিপাড়া, পানবারা, গোয়ালপাড়া, মির্জাপুর, খালপাড়া, বান্দেরপাড়া, মাগুড়া প্রধানপাড়া ও উত্তর প্রধানপাড়া গ্রামের কয়েক হাজার মানুষ। সেতু না থাকায় এসব এলাকার মানুষের শুধু দুর্ভোগই পোহাতে হচ্ছে তা নয়, অর্থনৈতিক ও সামাজিকভাবেও পিছিয়ে পড়তে হচ্ছে।এ ব্যাপারে জিজ্ঞাসা করতেই লাখেরাজ ঘুমটি গ্রামের মাহাবুবুর রহমান (২৫) ক্ষুব্ধ কণ্ঠে জানান, ‘সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার এখানে সেতু নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। শুনেছি, বিএনপি ক্ষমতায় নেই, তাই এ সরকার সেতুর নির্মাণকাজ বাতিল করে দিয়েছে। এখানে সেতু নির্মাণ করা খুবই দরকার।’কথা হয় ধনীপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজউদ্দীনের সঙ্গে। তিনি জানান, নদীর দুই পাড়ে গুরুত্বপূর্ণ হাটবাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সেতুটি হলে লাখেরাজ ঘুমটি ও ধনীপাড়া গ্রামের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে।ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম হোসেন জানান, লাখেরাজ ঘুমটি-ধনীপাড়া সড়কের টাঙ্গন নদে সেতুর খুবই প্রয়োজন। এখানে সেতু নির্মাণের জন্য এলজিইডি দরপত্র আহ্বান করেছিল। কী কারণে সেতুর নির্মাণকাজ শুরু হয়নি, তা বলতে পারেননি তিনি।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী মো. ফিরোজ হাসান বলেন, সেতুটি নির্মাণের জন্য চার বছর আগে তিনবার দরপত্র আহ্বান করা হয়েছে। প্রতিবারই উচ্চ দরে দরপত্র দাখিল করা হয়। অনুমোদনের জন্য প্রধান প্রকৌশলীর কার্যালয়ে পাঠানো হয়। কিন্তু অনুমোদন না দিয়ে প্রতিবার দরপত্র আহ্বানের জন্য বলা হয়। বর্তমানে এই প্রকল্পের কাজ স্থগিত রাখা হয়েছে।