পঞ্চগড়ে রাস্তা দখলের অভিযোগ
এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পঞ্চগড়ে শত বছরের পুরোনো একটি সড়ক দখলের অভিযোগ উঠেছে। সদর উপজেলার অমরখানা ইউনিয়নে ওই রাস্তাটির অবস্থান। ফলে সুখদেবপাড়া, বিদ্যাভিটা, পোকলাভিটা, আবালুপাড়া গ্রামের কয়েক হাজার মানুষকে অনেক দূর ঘুরে যাতায়াত করতে হচ্ছে।এলাকাবাসী জানান, অমরখান ইউনিয়নের কাজীরহাট এলাকায় প্রতিষ্ঠানটি জমি কিনে পোলট্রি ব্রিডিং ফার্ম গড়ে তোলে। আবালুপাড়া-কাজীরহাট সড়কের দুই পাশের জমি কিনে নেয় প্রতিষ্ঠানটি। একপর্যায়ে সড়কটি প্রতিষ্ঠানের ভেতরে নিয়ে নেয়। কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। প্রতিবাদ করে কোনো ফল পায়নি এলাকার মানুষ। স্থানী ব্যক্তিরা জানান, তাঁদের প্রতিবাদের মুখে বিকল্প সড়ক নির্মাণ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু সে পথে অনেক ঘুরতে হয় তাঁদের। বিদ্যাভিটা গ্রামের হাজী বাচ্চু মিয়া (৫৫) বলেন, ‘বাপ-দাদার আমল থেকে ওই রাস্তাটা ব্যবহার করতাম। এখন কোম্পানি দখল করে নিছে। খুবই দরকারি আর সোজা রাস্তা ছিল। এখন অনেক ঘুরতে হয়।’ আবালুপাড়ার সফিকুল ইসলাম (৪৫) বলেন, কোম্পানি সড়ক দখল করে নিলেও এর বিরুদ্ধে কেউ কিছু করতে পারল না। ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, সড়কটি তিনি সরেজমিনে দেখেননি। সড়কটি রেকর্ডভুক্ত কি না তাও তিনি জানেন না। রাস্তাটি নিয়ে কিছু সমস্যা ছিল। তবে তা সমাধান হয়ে গেছে বলে জানান তিনি। অমরখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুুল মবিন চৌধুরী বলেন, ‘যুগ যুগ ধরে এলাকার মানুষ এ সড়কটি ব্যবহার করছে। আমি একবার কাঁটাতারের বেড়া খুলে নদীতে ফেলে দিয়েছিলাম। কিন্তু কোম্পানির লোকজন প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় আবার কাঁটাতারের বেড়া লাগিয়ে দেয়। এসবের মধ্যে আর আমাকে টানবেন না।’এসিআই গোদরেজের প্রকল্প ব্যবস্থাপক মাহমুদ খালিদ বলেন, ‘সড়কটি আমাদের কেনা জমির মধ্যে। তাই দখল করে নিয়েছি। এলাকার মানুষের জন্য বিকল্প সড়ক তৈরি করে দেওয়া হয়েছে। এ নিয়ে অভিযোগ করার তো কিছু নেই।’