পঞ্চগড়ে শ্রমিক হত্যা, সড়ক অবরোধ
কথা-কাটাকাটির জের ধরে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ীর মুন্সিপাড়ায় রফিকুল ইসলাম (৩৫) নামের এক শ্রমিককে আজ শনিবার ট্রাকের নিচে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিকে আটক করে ভাঙচুর চালায় এবং সড়ক অবরোধ করে।বিকেল পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। রফিকুলের বাড়ি উপজেলার চন্দনবাড়ীর মুন্সিপাড়া এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রফিকুল বোদা-দেবীগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করতেন। আজ দুপুরে তিনি কাজের পারিশ্রমিক চাইতে গেলে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোনায়েম লিমিটেডের প্রকৌশলীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই প্রতিষ্ঠানের একটি ট্রাকে করে তাঁকে তুলে কিছু দূর নিয়ে যাওয়ার পর ফেলে দেওয়া হয়। এ সময় তিনি ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ওই ট্রাকটি আটক করে ভাঙচুর চালায় এবং সড়ক অবরোধ করে রাখে। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক শরীফুজ্জামান বলেন, ‘রফিকুলকে হত্যা করা হয়েছে, এটা ঠিক নয়। এটা একটা দুর্ঘটনা।’বোদা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলাকাবাসীর মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি।