পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে ২৯ বিডিআর জওয়ানের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য গ্রহণ গতকাল সোমবার শেষ হয়েছে। আদালত আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটা পর্যন্ত মুলতবি করা হয়েছে। অভিযুক্ত জওয়ানেরা আজ আদালতে লিখিত ও মৌখিক বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবেন। পরে সরকারি কৌঁসুলি যুক্তিতর্ক তুলে ধরবেন। পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-২-এ গতকাল সকাল সাড়ে আটটায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে চারটা পর্যন্ত ২৯ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়। মামলার ৪০ জন সাক্ষীর মধ্যে এ নিয়ে ৩১ জনের সাক্ষ্য নেওয়া হলো। গত সোমবার দুজন সাক্ষ্য দেন। কড়া নিরাপত্তার মধ্যে সকাল আটটার আগেই ২৯ আসামিকে পঞ্চগড় জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালতের আশপাশে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও র্যাব।গতকাল আদালতে বিডিআর বিদ্রোহের ধারণকৃত ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এ সময় আসামিদের মধ্য থেকে একজন এবং কর্তব্যরত দুজন বিডিআর সদস্যকে কাঠগড়ায় আনা হয়। এই তিনজন ভিডিওচিত্র দেখে ১৮ আসামির বিদ্রোহে সম্পৃক্ততা নিশ্চিত করেন। তবে ধারণকৃত ভিডিওচিত্র তাঁদের নয় বলে দাবি করেন ওই ১৮ জনের প্রত্যেকে। এ সময় এক সাক্ষীকে জেরা করতে গিয়ে আসামি সিপাহি মো. মহিবুর রহমান অসুস্থ হয়ে পড়েন। আদালতের নির্দেশে তাঁকে তাত্ক্ষণিক কাঠগড়ায় চিকিৎসা দেওয়া হয়।আদালতের সভাপতি ছিলেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। অপর সদস্যরা হলেন লে. কর্নেল মো. মাহফুজুর রহমান ও মেজর দীদার-আল-লতিফ। অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।সরকারি কৌঁসুলি হিসেবে ছিলেন পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল হক। তাঁকে সহযোগিতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোশারফ হোসেন কাজল ও মঞ্জুরুল আলম।লে. কর্নেল সিরাজুল হক জানান, গতকাল পর্যন্ত ৩১ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। এ মামলায় ৪০ জনকে সাক্ষী করা হলেও আর সাক্ষ্য নেওয়ার প্রয়োজন নেই বলে আদালতে আবেদন করা হয়। আদালত আবেদন গ্রহণ করে সাক্ষ্য গ্রহণ শেষ করার ঘোষণা দেন।আসামিদের বন্ধু (ফ্রেন্ড অব দি অ্যাকিউজড) হিসেবে ছিলেন বিডিআরের কর্মকর্তা মেজর সৈয়দ আবু হাসান। এ ছাড়া ছয় আসামির পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন শংকর কুমার রায় ও আবদুল আউয়াল। গত বছরের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর জের ধরে পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নেও বিদ্রোহ ছড়িয়ে পড়ে। পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে বিচারকাজ গত ৩ ফেব্রুয়ারি শুরু হয়।