পঞ্চগড়ে সিভিল সার্জন কার্যালয়ে যুবলীগ-ছাত্রলীগের ভাঙচুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের সিভিল সার্জন কার্যালয়ে গত রোববার রাতে ব্যাপক ভাঙচুর চালিয়ে নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ও ফলাফলের কাগজ যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা লুট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা সিভিল সার্জন ও অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) গাড়িও ভাঙচুর করেন। জানা গেছে, জেলা স্বাস্থ্য বিভাগে ১৫টি পদে নিয়োগের জন্য ওই পরীক্ষা নেওয়া হয়। কিন্তু পছন্দের প্রার্থীদের নাম মৌখিক পরীক্ষার তালিকায় না থাকায় ওই দুই সংগঠনের নেতা-কর্মীরা এই হামলা চালান। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ মৌখিক পরীক্ষা স্থগিত করেছে। গতকাল সোমবার এই পরীক্ষা হওয়ার কথা ছিল।হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় সিভিল সার্জন মো. ইমার উদ্দিন গতকাল বিকেলে পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এতে বলা হয়েছে, ‘রোববার দিবাগত রাত একটা ১০ মিনিটে ফলাফল দেওয়ার কিছুক্ষণ পর ৮-১০ জন উচ্ছৃঙ্খল যুবক সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে প্রবেশ করে পরীক্ষা কমিটির সদস্যদের হুমকি দেয় ও অশ্লীল ভাষায় গালাগাল করে। পরে তারা কার্যালয়ের দরজা, জানালা ও তাঁর গাড়ির গ্লাস ভাঙচুর করে।’ নিয়োগ কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে ১৫টি পদে নিয়োগের জন্য গত রোববার ৫২৩ জনের লিখিত পরীক্ষা হয়। কিন্তু জেলা আওয়ামী লীগের এক নেতা ও স্থানীয় সাংসদ তাঁর পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে কমিটির সদস্যদের কাছে সুপারিশ করেন। জানা যায়, পরীক্ষার্থীদের মধ্যে মেধাক্রমের ভিত্তিতে মোট ৪৭ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়। রোববার রাত সোয়া একটার দিকে এই ফল প্রকাশ করা হয়। কিন্তু তালিকায় ওই সাংসদের সুপারিশ করা প্রার্থীদের নাম ছিল না। খবর পেয়ে কিছুক্ষণ পর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন, পঞ্চগড়ের এম আর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক রেজাসহ যুবলীগ ও ছাত্রলীগের ১৫-২০ জন নেতা-কর্মী সিভিল সার্জনের কার্যালয়ে যান। তাঁরা প্রথমে সিভিল সার্জনের কাছে তাঁদের পছন্দের প্রার্থীদের পাস না করার কারণ জানতে চান। এরপর নেতা-কর্মীরা ওই কার্যালয়ের দরজা-জানালার কাচ, বেসিন, আসবাব ভাঙচুর করেন এবং নিয়োগ কমিটির সদস্যদের ওপর চড়াও হন। একপর্যায়ে তাঁরা সিভিল সার্জনের সম্মেলনকক্ষে প্রবেশ করে পরীক্ষার উত্তরপত্র ও ফলাফলের কাগজ নিয়ে যান। এই সম্মেলনকক্ষে বসেই কমিটির সদস্যরা নিয়োগের কার্যক্রম পরিচালনা করছিলেন। যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা পরে সিভিল সার্জনের কার্যালয়ের বাইরে থাকা সিভিল সার্জন ও অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) দুটি গাড়ি ভাঙচুর করে চলে যান। এরপর পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও যুবলীগ ও ছাত্রলীগের নেতা আখতার হোসেন ও রেজার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জমান প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কয়েকজন পরীক্ষা দিয়েছিল, তবে পাস করতে পারেনি। তবে ছাত্রলীগ ভাঙচুর, লুটপাটে জড়িত নয়। কেউ ব্যক্তি হিসেবে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।’ জেলা যুবলীগের সভাপতি মো. শহিদুল ইসলামও প্রায় একই সুরে বলেন, ‘হামলার ঘটনায় যুবলীগের কেউ জড়িত নয়। ব্যক্তিগতভাবে কেউ হামলা করলে দল দায়ী হতে পারে না।’নিয়োগ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন মো. ইমার উদ্দিন বলেন, ‘পরীক্ষায় পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে অনেকের সুপারিশ ছিল। কিন্তু তাঁদের সব সুপারিশ রক্ষা করা সম্ভব হয়নি। নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা ও যোগ্যদের উত্তীর্ণ হতে দেখে ওই মহলের ইন্ধনে সন্ত্রাসীরা এ হামলা করতে পারে।’ নিয়োগ কমিটির সভাপতি ও রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মো. মতিয়ার রহমান জানান, ‘রাত সোয়া একটার দিকে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর তাঁরা যখন খেতে বসেন, তখন সন্ত্রাসীরা অতর্কিতে তাঁদের ওপর চড়াও হয় এবং পরীক্ষার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।’ নিয়োগ কমিটির সদস্য ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসানুল পারভেজ বলেন, ‘এ ঘটনায় আমরা হতভম্ব হয়ে গেছি।’পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জমিরউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। কিন্তু ততক্ষণে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলার ঘটনায় সিভিল সার্জন একটি জিডি করেছেন। ঘটনার তদন্ত করা হচ্ছে।পটুয়াখালী সিভিল সার্জনের কার্যালয়েও হামলাপটুয়াখালী অফিস জানায়, গতকাল সোমবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী মো. আবুল কালামের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আবুল কালাম জানান, সিভিল সার্জনের কার্যালয়ের নিজ কক্ষে কাজ করার সময় দুপুর সাড়ে ১২টার দিকে ১২ থেকে ১৪ জন সন্ত্রাসী এসে টাকা চেয়ে তাঁকে মারধর করেন। এ সময় সন্ত্রাসীরা তাঁর মুঠোফোন ও দুই হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তিনি দৌড়ে সিভিল সার্জনের কক্ষে আশ্রয় নেন। এ সময় সন্ত্রাসীরা তাঁর কক্ষের একটি ফটোস্ট্যাট মেশিন ভাঙচুর করে চলে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।পটুয়াখালী সিভিল সার্জন জিতেন্দ্র চন্দ্র রায় হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে তিনি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।