পঞ্চগড়ে হিজবুত তওহীদের সন্দেহভাজন ৪ সদস্য গ্রেপ্তার
পঞ্চগড়ের আটোয়ারীতে হিজবুত তওহীদের সদস্য সন্দেহে চার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় আটোয়ারী উপজেলার ছোটদাপ গ্রামে হিজবুত তওহীদের বিভিন্ন বই ও লিফলেট বিলি করার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে। পুলিশ রাতে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছোটদাপ গ্রামে সংগঠনের বই ও লিফলেট বিলি করার সময় মোছা. মমতাজ বেগম (৪০), মমতাসিনা (২৫), মোছা. ফিরোজা বেগম (২৮) ও মোছা. মেহনাব বেগমকে (২১) গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে সংগঠনের সাতটি বই, ছয়টি সিডি ও ৭০টি লিফলেট জব্দ করে। আটোয়ারী থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, সংগঠনটি বৈধ না-অবৈধ বিষয়টি নিশ্চিত না হওয়ায় এই চার নারীকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।পঞ্চগড়ের এএসপি সার্কেল মো. শাহাব উদ্দিন জানান, তাঁরা হিজবুত তওহীদ সংগঠনের কি না, তা জানার পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আপাতত ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।