পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নে বিডিআর বিদ্রোহে জড়িত অভিযোগে গ্রেপ্তার ২৯ জন জওয়ানের বিরুদ্ধে গতকাল রোববার অভিযোগ গঠন করা হয়েছে। পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-২-এ আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান আদালতের সভাপতি বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। পরে দুজনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। সকালে আদালতের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল হক আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ হিসেবে আলোকচিত্র ও ভিডিও আদালতে উপস্থাপন করেন। আদালতের সভাপতি মেজর জেনারেল মইনুল ইসলাম প্রত্যেক আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এরপর তিনি আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন। সাতজন আসামি দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। অন্য ২২ আসামি নিজেদের নির্দোষ দাবি করেন। এ মামলায় দুজনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়।২৫ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল হক জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আসামিদের প্রত্যেকের কাছে সাক্ষীদের তালিকাসহ সাক্ষ্য-প্রমাণের সারসংক্ষেপ সরবরাহ করা হয়েছে। মামলায় সাক্ষীর সংখ্যা ৪০। গত ৩ ফেব্রুয়ারি পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে বিদ্রোহের মামলায় বিচারকাজ শুরু হয়। এর আগে বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে সুবেদার মেজর আমিরুল হক শেখ ২৯ জওয়ানের বিরুদ্ধে মামলা করেন। গত বছরের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআরের সদর দপ্তরে বিদ্রোহ হয়। এর জের ধরে পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নেও বিদ্রোহ ছড়িয়ে পড়ে।