পঞ্চদশ সংশোধনী নাকচ হয়ে যাবে: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকার যে পঞ্চদশ সংশোধনী করেছে, তা যেকোনো সময় নাকচ হয়ে যাবে। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। সেই তত্ত্বাবধায়ক সরকার ’৯১ সালের বিচারপতি সাহাবুদ্দীন আহমদের তত্ত্বাবধায়ক সরকারের মতোও হতে পারে বলে তিনি মন্তব্য করেন।আজ শনিবার বিকেলে মতিঝিলের নিজ চেম্বারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মওদুদ আহমদ এ কথা বলেন। পঞ্চদশ সংশোধনী কীভাবে বাতিল হবে, এই প্রশ্নের জবাবে সাবেক এই আইনমন্ত্রী বলেন, সংসদেও হতে পারে অথবা আদালতেও হতে পারে। তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীতে যে ৭-এর (খ) ধারা সংযোজন করা হয়েছে, তা সংবিধান পরিপন্থী। মওদুদ আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্পষ্টভাবে তিনটি বিষয় প্রমাণিত হয়েছে। এক. জনগণের ওপর বর্তমান সরকারের আর কোনো আস্থা নেই। দুই. বর্তমান সরকার সেনাবাহিনীর ওপর তাদের আস্থা হারিয়ে ফেলেছে। তিন. দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন কখনই নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করতে পারে না। গত ১৫ আগস্ট একটি বেসরকারি টেলিভিশনে বিতর্কিত বক্তব্য দেওয়ার পর ৩ সেপ্টেম্বর আমেরিকায় যান মওদুদ আহমদ। ৩ নভেম্বর লন্ডন হয়ে তিনি ঢাকা ফেরেন। লন্ডনে তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছে কি না, এই প্রশ্নের জবাব দেননি তিনি।