পঞ্চদশ সংশোধনী ত্রুটিপূর্ণ, ভুলে ভরা এবং কাঁচা হাতের কাজ। এতে সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা হয়েছে, কিন্তু সবাই অসন্তুষ্ট হয়েছে। তাই এই সংশোধনী রাখা যাবে না। এটা বাতিল করতে হবে।‘পঞ্চদশ সংশোধনী ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিশিষ্ট আইনজীবী, সাবেক সেনাপ্রধান, শিক্ষক ও সাংবাদিকেরা এই মত দিয়েছেন।গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে এই গোলটেবিলের আয়োজন করে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন।বক্তারা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ৭ক ও ৭খ অনুচ্ছেদকে বাকস্বাধীনতার জন্য হুমকি বলে মন্তব্য করেন। তাঁরা এই দুই অনুচ্ছেদসহ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল, রাষ্ট্রধর্ম ও ধর্মনিরপেক্ষতা একই সঙ্গে রাখারও সমালোচনা করেন।গোলটেবিলের প্রধান বক্তা প্রবীণ আইনজীবী রফিক-উল হক পঞ্চদশ সংশোধনীর সমালোচনা করে বলেন, এটা এতই পরস্পরবিরোধী যে কিছুই বোঝা যায় না। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ে আছে, পরবর্তী দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে। কিন্তু সরকার রায়ের জন্য অপেক্ষা করল না। সংশোধন করে ফেলল।সংবিধান সংশোধনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে মানসিকতার পরিবর্তন এবং ব্যক্তি ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে কাজ করার জন্য রফিক-উল হক অনুরোধ করেন। তিনি বলেন, ‘দুজনে এমন ব্যবহার করেন যেন সতিন মনে হয়। দুজন একে অপরের সঙ্গে কথা বলেন না। নিমন্ত্রণ করলে যান না। সতিনের মতো ব্যবহার না করে বন্ধুর মতো ব্যবহার করুন। কীভাবে দেশকে টিকিয়ে রাখা যায়, সেই চেষ্টা করুন।’সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ পঞ্চদশ সংশোধনীর ৭ক ও ৭খ অনুচ্ছেদের সমালোচনা করে বলেন, ‘এটি পাস করে নির্বুদ্ধিতার পরিচয় দিলেন। নিজের পায়ে নিজে কুড়াল মারলেন।’সংবিধান সংশোধনের আগে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের ডেকে মতামত নেওয়ার কথা উল্লেখ করে রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘ওই সব মতামতের লেশমাত্র কি পেয়েছেন? আমি পাইনি। তাহলে কেন এই প্রহসন করা হলো? সেই মতামত নিয়ে যদি সংশোধন করতেন, তাহলে ভালো হতো। এই সংশোধনী রাজনৈতিক দৈন্যকে প্রতিফলন করছে।’ তিনি বলেন, ‘আজ প্রতিটি জায়গায়, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হচ্ছে। অথচ সংশোধনীর আগে শুনেছিলাম, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখা হবে। এটা বলা হয়েছিল শাসক দলের পক্ষ থেকে। কিন্তু সেই সংশোধনী হয়ে গেল ভিন্ন। এমন একটি সংশোধনী করে দেশের মধ্যে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে দিলেন।’রোকনউদ্দিন মাহমুদের মতে, ভবিষ্যতে সীমিত সময়ের জন্য হলেও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকা উচিত। তিনি বলেন, ‘এখনো সময় আছে, সংশোধন করে যদি আসল জায়গায় ফিরতে পারি, ভালো হয়।’আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী শাহদীন মালিক। তিনি বলেন, ‘পঞ্চদশ সংশোধনী সম্পর্কে এককথায় বললে ওয়ান স্টেপ ফরোয়ার্ড টু স্টেপ বেকোয়ার্ড হয়ে গেছে।’শাহদীন মালিকের মতে, ৭ অনুচ্ছেদে কোনোভাবেই হাত দেওয়া উচিত হয়নি। তিনি সংবিধানের কিছু বিষয় বাতিল করা যাবে না মর্মে যে বিধান আছে, তার সমালোচনা করে বলেন, ‘হয় আমরা ফেরেশতা হয়ে গেছি, না-হয় জন্তু হয়ে গেছি। ভুল হলে শিক্ষা নিতে পারব না।’শাহদীন মালিকের বক্তব্যের রেশ ধরে আইনজীবী সারা হোসেন বলেন, ‘পঞ্চদশ সংশোধনীতে আমরা এক ধাপ এগিয়ে ৪০ বা ৬০ ভাগ পিছিয়েছি।’৭ক ও ৭খ অনুচ্ছেদের সমালোচনা করে সারা হোসেন বলেন, ‘আমিনীর মতো (মুফতি ফজলুল হক আমিনী) সংবিধান ডাস্টবিনে ফেলে দিতে চাই না। কিন্তু পঞ্চদশ সংশোধনীর অনেক ধারা ডাস্টবিনে ফেলে দিতে চাই।’সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন অর রশিদ রাষ্ট্রধর্ম, ধর্মনিরপেক্ষতা ও বিসমিল্লাহ একসঙ্গে রাখার সমালোচনা করে পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘বর্তমান সংশোধনী ৪০ ভাগ জিয়াকে, ২০ ভাগ জামায়াত ও বাকি ৪০ ভাগ বাকশালকে ধারণ করেছে।’সংবিধানের ৭ক ও ৭খ অনুচ্ছেদকে বাকস্বাধীনতার জন্য ভয়ানক বলে মন্তব্য করেন আসিফ নজরুল। তাঁর মতে, ‘গণতান্ত্রিক সরকার দ্বারা সবচেয়ে ফ্যাসিস্ট সংশোধনী হচ্ছে পঞ্চদশ সংশোধনী।’সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ‘পঞ্চদশ সংশোধনীতে কেউ খুশি হয়নি। যে দল করেছে, সেই দলের সাধারণ সম্পাদক বলেছেন, তিনিও খুশি নন। আমার সাদামাটা কথা, এই সংশোধনী রাখার কোনো অর্থ নেই। বাতিল করা উচিত।’সাংবাদিক নূরুল কবীর বলেন, ‘পঞ্চদশ সংশোধনী এমন একটা দলিল, যা মুদ্রিত মূর্খতা।’সাংবাদিক মিজানুর রহমান খান বলেন, ‘অবিলম্বে ৭ক ও ৭খ অনুচ্ছেদের উপযুক্ত সংশোধনী আশা করি।’ তিনি বলেন, এই সংশোধনীর অন্যতম উদ্দেশ্য হলো অসাংবিধানিকভাবে ক্ষমতা ঠেকানো। কিন্তু এখানে বড় ফাঁক রয়ে গেছে।প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী সভাপতির বক্তৃতায় দ্রব্যমূল্য নিয়ে বাণিজ্যমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, ‘গণতান্ত্রিক সরকারের মন্ত্রী হিসেবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারায় ক্ষমা চাওয়া উচিত। কিন্তু নির্লজ্জের মতো বললেন, কম খান। কম খেলে তো আপনার চেহারার এত জৌলুশ আসত না।’ শেয়ারবাজার কেলেঙ্কারির সময় অর্থমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান মান্না আলোচনায় সঞ্চালক ছিলেন। আরও বক্তৃতা করেন সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, রাফিয়া আক্তার, মাহমুদুল হক প্রমুখ।