পঞ্চদশ সংশোধনীর কারণেই এম ইউ আহমেদ শহীদ হয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সমর্থক আইনজীবী এম ইউ আহমেদ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কারণেই শহীদ হয়েছেন। আজ সোমবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটি আয়োজিত প্রতিবাদ সভায় নেতারা এ দাবি করেন।ফোরামের মহাসচিব মাহাবুবউদ্দিন খোকন বলেন, ‘হাইকোর্টে হট্টগোলের ঘটনার সময় এম ইউ আহমদ আদালতে ছিলেন না। তাঁকে মিথ্যা মামলায় জড়িত করা হয়। ১৫তম সংশোধনীর কারণেই এম ইউ আহমেদ শহীদ হয়েছেন।’ তিনি অভিযোগ করেন, অ্যাটর্নি জেনারেলের একগুঁয়েমির কারণে এম ইউ আহমেদকে গ্রেপ্তার করা হয়। তাঁকে নির্যাতন করা হয়েছিল। তিনি এ মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত দাবি করে বলেন, সরকার পতনের মাধ্যমে এ হত্যার বিচার হবে।ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া দাবি করেন, পুলিশ ও রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে তাঁর মৃত্যু হয়েছে। ঈদের পর বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি জানান।রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘একজন মন্ত্রী বলেছেন, অসুস্থতার কারণে এম ইউ আহমেদের মৃত্যু হয়েছে। সুরতহাল ও ময়নাতদন্তের আগে তিনি কীভাবে এ কথা বললেন? তাঁর এ বক্তব্য বিচার বিভাগের প্রতি হস্তক্ষেপ। অ্যাটর্নি জেনারেল বলেছেন, পুলিশের নির্যাতনে এম ইউ আহমেদের মৃত্যু হয়নি। উনি কি তাহলে পুলিশের মুখপাত্র?’ তিনি অভিযোগ করেন, ‘পরিবারের অনুমতি ছাড়া এম ইউ আহমদের লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে। কিন্তু আইনত পুলিশ তা পারে না।’ নিহতের স্ত্রীর করা মামলাটি পুলিশ নথিভুক্ত করেনি বলেও তিনি জানান।