পঞ্চপাণ্ডবের ছয়কাহন
অ্যালেক্স ফার্গুসন, হোসে মরিনহো, পেপ গার্দিওলা, কার্লো আনচেলত্তি ও রবার্তো মানচিনি—এই পাঁচজনের মধ্যে মিলের চেয়ে অমিলই বোধ হয় বেশি। তবে সবচেয়ে বড় মিল হলো, এঁরা প্রত্যেকে ফুটবলের এ সময়ের আলোচিত কোচ। লিখেছেন রাজীব হাসানখেলোয়াড় কেমন ছিলেনঅখ্যাত এক ক্লাবে শুরু হয়েছিল স্যার অ্যালেক্স ফার্গুসনের যাত্রা। হোসে মরিনহো তো বাবা কোচ ছিলেন বলেই সুযোগ পেয়েছিলেন আরও অখ্যাত এক দলে। খেলোয়াড় হিসেবে পেপ গার্দিওলা, কার্লো আনচেলত্তি আর রবার্তো মানচিনি সেই তুলনায় অনেক ‘বিখ্যাত’ই ছিলেন। পদকের ভারে সবচেয়ে ‘ন্যুব্জ’ গার্দিওলাই। বার্সার এই মিডফিল্ডার ৬টি লিগ, একটি চ্যাম্পিয়নস লিগসহ জিতেছেন ১৬টি শিরোপা। মোট ১৪টি শিরোপা জেতা আনচেলত্তি চ্যাম্পিয়নস লিগ (তখনকার ইউরোপিয়ান কাপ) জিতেছেন ২ বার। মোট ১৩টি শিরোপা জিতলেও ইউরোপিয়ান কাপ জেতা হয়নি মানচিনির। এসব পরিসংখ্যানকে ফার্গুসন আর মরিনহো হয়তো ঠাট্টাই করবেন। খেলোয়াড়ি জীবনে ফার্গি তবু দুবার স্কটিশ লিগ জিতেছেন, মরিনহোর শোকেস গড়ের মাঠ!মাত্র ১৬ বছর বয়সে স্কটিশ ক্লাব কুইন্স পার্কের হয়ে অভিষেক হয়েছিল ফার্গুসনের। অভিষেকেই দলের হয়ে গোল। তার পরও শুরুটাকে ফার্গুসন পরে বলেছিলেন ‘দুঃস্বপ্ন’। দল যে হেরে গিয়েছিল ওই ম্যাচে। ফার্গুসনের চরিত্রের এই দিকটা খুবই গুরুত্বপূর্ণ। এই অতৃপ্তি তাঁকে আজকের ফার্গুসন বানিয়েছে। ফুটবলার হিসেবে পুরো সময়টাই কাটিয়েছেন স্কটল্যান্ডে। ছিলেন স্ট্রাইকার। রেঞ্জার্সের মতো নামী ক্লাবে খেলেছেন দুই বছর। সেরা সময়টা অবশ্য কেটেছে ডানফার্মলাইন অ্যাথলেটিকে (লিগে ৮৯ ম্যাচে ৬৬ গোল)।ফার্গুসন তবুও রেঞ্জার্সের মতো নামজাদা ক্লাবে খেলেছেন, সেই সৌভাগ্য মরিনহোর হয়নি। বাবা কোচ ছিলেন। সেই সুবাদেই পর্তুগিজ ক্লাব রিও অ্যাভেতে অভিষেক ১৭ বছর বয়সে। অখ্যাত আরও চারটি ক্লাবে খেললেও গতি আর শক্তির কমতি দ্রুতই মরিনহোকে বুঝিয়ে দিয়েছিল, ফুটবলার হওয়া তাঁর কম্ম নয়। বরং শৈশব থেকেই ফুটবলের ক্ষুরধার মস্তিষ্কটা অন্যভাবে কাজে লাগানোর পরিকল্পনা করেন। কোনো অর্জন ছাড়াই মাত্র ২৪ বছর বয়সে ফুটবল ছেড়ে দেন মরিনহো!সেই তুলনায় পেপ গার্দিওলাকে বলতে হবে অনেক ভাগ্যবান। মাত্র ১৩ বছর বয়সে যোগ দিয়েছিলেন বার্সেলোনার খেলোয়াড় তৈরির খামার বাড়িতে। যুবদলে খেলার সময়ই নজর কেড়েছিলেন ইয়োহান ক্রুইফের। ক্রুইফের ‘ড্রিম টিমে’র কেন্দ্রে ছিলেন। সিনিয়র দলের হয়ে জিতেছেন টানা চারটি স্প্যানিশ লিগ শিরোপা। ক্লাব পর্যায়ের গুরুত্বপূর্ণ সব কটি ট্রফি ছাড়াও ১৯৯২ অলিম্পিক ফুটবলজয়ী স্পেন দলের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন।১৯৭৪ সালে পার্মার যুবদলে ক্যারিয়ার শুরু আনচেলত্তির। দুই বছর পর সিনিয়র দলে অভিষেক। ১৯৭৯ সালে রোমায় চলে আসেন। মিডফিল্ডারের পাশাপাশি দলের অধিনায়কের বাহুবন্ধনীও পরেছিলেন। অধিনায়ক হিসেবে ১৯৮৩ ইতালিয়ান লিগ জিতিয়েছেন। চারবার ইতালিয়ান কাপের পাশাপাশি একবার ইউরোপিয়ান কাপের ফাইনালেও গিয়েছিলেন। ১৯৮৭ সালে এসি মিলানে চলে আসার পর ক্লাবটির হয়ে খেলেছেন পাঁচ বছর। টানা দুবার ইউরোপিয়ান কাপজয়ী মিলান দলের অন্যতম সদস্য ছিলেন। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিততে না পারাটা তাঁর নেহাত দুর্ভাগ্য। ১৯৮২ বিশ্বকাপে দলে ঠাঁই পাননি ইনজুরির কারণে।মানচিনি বড় ক্লাব বলতে কেবল খেলেছেন লাৎসিওতে। তবে এরও আগে সাম্পদোরিয়ার সঙ্গে বাঁধা পড়েন দেড় দশকের সম্পর্কে। স্ট্রাইকার হিসেবে সুখ্যাতি ছড়ায় এ ক্লাবটির হয়ে খেলার সময়ই। ৫৬৬ ম্যাচে ১৭১ গোল করেছেন সাম্পদোরিয়ার হয়ে।কোচ হিসেবে শুরুকোচ হিসেবে এই পঞ্চপাণ্ডবের শুরুটায় একটা অভিন্ন মিল আছে। পাঁচজনই শুরু করেছেন তরুণ বয়সেই। ত্রিশের কোঠায়। গার্দিওলা, মানচিনি ও আনচেলত্তি তো কোচ হিসেবে যাত্রা শুরু করতে বেছে নিয়েছিলেন ৩৬ বছর বয়সটাকেই। ফার্গুসনের শুরুটা হয়েছিল ৩৩-এ। মরিনহো স্যার ববি রবসনের সহকারী হিসেবে কাজ শুরু করেন ৩০ বছর বয়সে। মরিনহোর মতো সহকারী হিসেবে কাজ শুরু হয়েছিল মানচিনিরও। বাকি চারজনই কারও অধীনে নয়, পুরোদস্তুর কোচ হিসেবেই যাত্রা শুরু করেন।ফার্গুসন তো ছিলেন এক ধাপ এগিয়ে। ১৯৬৯ সালে তাঁকে খেলোয়াড় হিসেবে পেতে চেয়েছিল নটিংহাম ফরেস্ট। কিন্তু তাঁর স্ত্রী ইংল্যান্ডে যেতে রাজি ছিলেন না। ফলে ওই বছরই তাঁকে স্কটিশ ক্লাব ফলকির্কের কোচ-কাম-খেলোয়াড়ের ভূমিকায় দেখা যায়। পুরোদস্তুর কোচ হিসেবে যাত্রা করেন ১৯৭৪ সালে, ইস্ট স্টার্লিংশায়ারের হয়ে। তবে সত্যিকারের কোচ ফার্গুসন হয়ে ওঠার বীজ সম্ভবত রোপিত হয়েছিল ফার্গুসন সেন্ট মিরেনে আসার পর। সে সময় মিরেন ছিল দ্বিতীয় বিভাগেরও দ্বিতীয় সারির দল। মাত্র হাজার খানেক দর্শক আসত খেলা দেখতে। ক্লাবের খোলনলচেই পাল্টে ফেলেছিলেন। ১৯৭৬-৭৭ মৌসুমে জেতান প্রথম বিভাগ। এই সাফল্যই পরের বছর তাঁকে কোচ বানায় এবারডিনের মতো ক্লাবের।এবারডিনকে পাঁচ বছরের ব্যবধানে তিনবার লিগ জিতিয়েছেন। চারবার জিতিয়েছেন কাপ। একবার করে উয়েফা কাপ, উইনার্স কাপ ও উয়েফা সুপার কাপও। এবারডিনের এই সাফল্যই ম্যানইউয়ের দরজা খুলে দেয় তাঁর জন্য। ১৯৮৬ সালের ৬ নভেম্বর দায়িত্ব নেন ইংল্যান্ডের ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ক্লাবটির। ম্যানইউয়ের তখন ঘোরতর দুঃসময়। ফার্গুসন দায়িত্ব নেওয়ার সময় পয়েন্ট টেবিলের ২১ নম্বরে ছিল ম্যানইউ। ক্লাবের শৃঙ্খলার অভাব, খেলোয়াড়দের পানাসক্তি, ফিটনেস—সব মিলে হালভাঙা একটা জাহাজের ক্যাপ্টেন হয়ে শক্ত হাতে হাল ধরেন।আক্ষরিক অর্থেই শুরু ধরতে গেলে মরিনহো প্রথম দায়িত্ব নিয়েছিলেন নিজের শহর সেতুবালের ভিতোরিয়া ক্লাবে। কিছুদিন সহকারী হিসেবে কাজ করেছেন এস্ত্রেলা ডা আমাদোরায়ও। কিন্তু এতেই তুষ্ট হলে তিনি আর মরিনহো কেন। বড় চ্যালেঞ্জের সন্ধানে এলেন স্পোর্টিং লিসবনে। এখানেই স্যার রবসনের সঙ্গে তাঁর পরিচয়। যে সম্পর্ক অটুট ছিল আরও বহুদিন। মূলত রবসনের ভাষা ঠিকমতো পৌঁছে দেওয়ার কাজটাই ছিল দোভাষী মরিনহোর। কিন্তু দ্রুতই রবসন আবিষ্কার করেন, তাঁর এই সহকারীর ঘটে আরও বেশি বুদ্ধি ধরে।রবসনের ডান হাত হয়েই এরপর পোর্তো আর বার্সেলোনাতেও কাজ করেছেন মরিনহো। রবসন বার্সেলোনা ছেড়ে গেলেও মরিনহো লুই ফন গালের সহকারী হিসেবে থেকে যান। ফন গালই মরিনহোকে কাজ করার স্বাধীনতা দেন। অগুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোতে প্রধান কোচের ভার থাকত মরিনহোর ওপরেই। এভাবেই ২০০০ সালে কোপা কাতালুনিয়া জিতেছিলেন মরিনহো। ওই বছরেই পর্তুগালে ফিরে এসে বেনফিকার মূল কোচ হিসেবে অভিষেক হয় তাঁর।বার্সেলোনায় থেকে মরিনহো যখন ‘কোচ’ হয়ে উঠছেন, গার্দিওলা তখনো বার্সারই খেলোয়াড়। তাঁর জন্য সময়টা ধাপে ধাপে পেরোনো নয়। সবকিছুই হয়ে গেছে হুট করে। ২০০৬ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার পরের বছরই বার্সেলোনার ‘বি’ দলের দায়িত্ব নেন। ওই বছরেই বি দলকে চতুর্থ বিভাগের শিরোপা জেতান। ফ্রাঙ্ক রাইকার্ডের বার্সা-অধ্যায় শেষ হয়ে যাওয়ার পর ২০০৭-০৮ মৌসুম শেষ হওয়ার আগেই ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়ে দেন, সিনিয়র দলের দায়িত্ব নিতে চলেছেন গার্দিওলা।আনচেলত্তি আর মানচিনি দুজনের কোচ হওয়াটা এমন তাড়াহুড়ো করে নয়। দুজনেই প্রশিক্ষণ নিয়েছেন কোচ বানানোর জন্য বিখ্যাত ইতালির কভারসিয়ানোতে। প্রশিক্ষণ শেষে আনচেলত্তি দায়িত্ব নেন রেজ্জিয়ানার। ফুটবলার হিসেবে নিজের জন্মশহরে ক্লাবটিতে খেলেননি। সেই ঋণ শোধ করতেই যেন হাল ধরা। ক্লাবটিকে সিরি ‘আ’তেও তুলে এনেছিলেন। কিন্তু তাতেই যেন ঋণ শোধ! পরের বছর পার্মার কোচ হিসেবে চলে যান। মূলত লাৎসিওতে খেলেই অবসর নিয়েছিলেন মানচিনি। কোচ হিসেবে শুরুটাও হয় এখানেই, সহকারী হিসেবে।কতটা সফলএখনই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা স্যার ফার্গির নেই। তাই এটা ধরে নেওয়াই যায়, শিরোপার ফিফটি তিনি করেই ফেলবেন অবসর নেওয়ার আগে। সেটি থেকে আর মাত্র চারটি শিরোপা দূরে। অবশ্য ৪৬টি ট্রফি জেতা ফার্গুসন এরই মধ্যে ব্রিটেনের সবচেয়ে সফল কোচের রেকর্ড গড়ে ফেলেছেন। ক্লাবের কোচ হয়ে যা যা জেতা সম্ভব, সবই উঠেছে তাঁর হাতে।শিরোপা সংখ্যায় ফার্গুসনের ধারেকাছে কেউ নেই। থাকার কথাও নয়। এত দীর্ঘকাল ধরে তো আর বাকি চারজন দায়িত্ব পালন করেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি শিরোপা জিতেছেন মরিনহো। এর মধ্যে আছে দুটো ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতার বিরল কীর্তি। দুটো চ্যাম্পিয়নস লিগ জিতেছেন আনচেলত্তিও। তাঁর মোট শিরোপা সংখ্যা ১২। দায়িত্ব নেওয়ার প্রথম বছরেই ইতিহাসের প্রথম কোচ হিসেবে শিরোপা-ষষ্ঠক পূর্ণ করা গার্দিওলার মোট শিরোপা আটটি। ৯টি শিরোপা জিতলেও মানচিনি এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি কোচ হিসেবে। টানা তিন বছর অবশ্য সিরি আ জিতেছিলেন ইন্টার মিলানের কোচ থাকার সময়। পঞ্চপাণ্ডবের মধ্যে ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন ফার্গুসন, আনচেলত্তি ও গার্দিওলা।দর্শনএক বছর আগে হলেও কেবল হোসে মরিনহোকে বাইরে রেখে বাকি চারজনকে এক বন্ধনীর মধ্যে রাখতে হতো। কিন্তু অন্তত এখন ফুটবল দর্শনে এই পঞ্চপাণ্ডব মতাদর্শ অভিন্ন। পাঁচজনই আক্রমণাত্মক ফুটবলই খেলাচ্ছেন তাঁদের দলকে। একটু পিছিয়ে রবার্তো মানচিনি। এই মৌসুমে প্রায়ই তাঁকে ৪-৩-২-১ ফর্মেশনে খেলাতে দেখা গেছে। আক্রমণভাগে একা খেলেছেন তেভেজ। আসলে পরিস্থিতির দাবি মেটাতে গিয়েই বড় দলগুলোর বিপক্ষে রক্ষণাত্মক হতে হয়েছে মানচিনিকে।লক্ষণীয় হলো, ফার্গুসন ও মানচিনি দুজনই ছিলেন স্ট্রাইকার। আনচেলত্তি ও গার্দিওলা ছিলেন মিডফিল্ডার। ফলে আক্রমণাত্মক মেজাজ তাঁদের মজ্জায় মিশে থাকাই স্বাভাবিক। গার্দিওলার তো সাক্ষাৎ গুরু ছিলেন ইয়োহান ক্রুইফ। আজ বার্সা যা খেলছে, সেটি ক্রুইফের এঁকে দেওয়া ছকেই হাঁটা। ছোট ছোট পাসের ছন্দবদ্ধ চোখ ধাঁধানো ফুটবল।কেবল রক্ষণাত্মক কোচ হিসেবে দুর্নাম আছে মরিনহোর। রিয়ালে তাঁর অধীনে শুরুর সাত ম্যাচে মাত্র ৯ গোল দেওয়ায় নিন্দুকেরা শোরগোল তুলেছিল। কিন্তু লিগে গত তিন ম্যাচে (গত শনিবারের ম্যাচটি বাদ দিয়ে) ১৬ গোল করে, চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের মতো প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়ে যেন পাল্টা জবাবই দিয়ে রাখলেন মরিনহো। আরও গোল-বৃষ্টির পূর্বাভাসই দিয়েছে রিয়ালের আবহাওয়া (পড়ুন আক্রমণভাগ) দপ্তর!কথায় যায় চেনাম্যাচ শেষে ইউরোপিয়ান কাপটা তোমাদের থেকে মাত্র ছয় ফুট দূরে থাকবে, কিন্তু যদি হেরে যাও তোমরা সেটি ছুঁয়েও দেখতে পারবে না শিষ্যদের অনুপ্রাণিত করতে অ্যালেক্স ফার্গুসনআমাকে উদ্ধত ভাববেন না...তবে আমার ধারণা আমি ‘স্পেশাল ওয়ান’ইংলিশ মিডিয়ায় প্রথমবার মুখোমুখি হয়েই হোসে মরিনহোজেন্টলম্যান, তোমরা যদি আজ হেরেও যাও, তার পরও তোমরা বিশ্বসেরাই থাকব। আর যদি জেতো, তোমরা হবে ইতিহাস-সেরাশিষ্যদের অনুপ্রাণিত করতে পেপ গার্দিওলাফলাফলটা বাদ দিলে ম্যাচটা দারুণ ছিলশেষ পর্যন্ত ফলাফলটাই মানুষ মনে রাখে জানিয়ে কার্লো আনচেলত্তিদূর থেকে দেখে বিচার করা সহজসমালোচকদের জবাব দিতে গিয়ে রবার্তো মানচিনিকার কত বেতন১. হোসে মরিনহো ১ কোটি ১০ লাখ ইউরো২. অ্যালেক্স ফার্গুসন ৮০ লাখ ইউরো৩. রবার্তো মানচিনি ৭০ লাখ ইউরো৪. কার্লো আনচেলত্তি ৬০ লাখ ইউরো৫. পেপ গার্দিওলা ৪০ লাখ ইউরো