পঞ্চবার্ষিক পরিকল্পনা বিষয়ে দাতাদের ছয় পরামর্শ
ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া দলিলের ওপর অভিমত দিতে গিয়ে সুনির্দিষ্ট কৌশল ও নীতি গ্রহণ, খাদ্য নিরাপত্তায় আরও মনোযোগী হওয়াসহ ছয়টি পরামর্শ দিয়েছে দাতারা। গতকাল রোববার দেশ ও দাতা সংস্থাসহ ৪২ উন্নয়ন-সহযোগীর সঙ্গে বৈঠকে এই পরামর্শ পেয়েছে সরকার।পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।দাতাদের দেওয়া পরামর্শগুলো হচ্ছে: খসড়ায় নির্দেশিত কর্মপন্থা, সম্পদ, লক্ষ্যমাত্রা ও সূচককে আরও সুনির্দিষ্ট করে বিশ্লেষণ, সুশাসন প্রতিষ্ঠায় নির্দিষ্ট কৌশল অবলম্বন, সরকারি অর্থ ব্যবস্থাপনায় অগ্রাধিকার প্রদান ও বহিঃচাপ মোকাবিলায় সামষ্টিক অর্থনৈতিক কাঠামো হালনাগাদ করা, কর্মসংস্থানে বেসরকারি খাতের বিনিয়োগে সুস্পষ্ট কৌশল গ্রহণ ও পর্যবেক্ষণ করা, আঞ্চলিক বৈষম্য দূরীকরণ এবং খাদ্য নিরাপত্তায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি সমন্বিত নীতি ও বিনিয়োগ কাঠামো প্রণয়ন।সভায় দাতাদের পক্ষ থেকে এসব পরামর্শ তুলে ধরেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ও স্থানীয় পরামর্শক গোষ্ঠীর কো-চেয়ার এলেন গোল্ডস্টেইন। এ ছাড়া বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান এবং দাতা দেশ ও সংস্থার প্রতিনিধিরা।বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, ‘পরিকল্পনা দলিলটি মোটামুটি প্রস্তুত। দলিলটি পুরোপুরি প্রস্তুত করতে আমরা কতগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি, যাতে তা সর্বজনীন হয়। এর অন্যতম হলো, দাতাদের সঙ্গে পরামর্শ সভা করা। সভায় দাতারা ছয়টি পরামর্শ দিয়েছে। আমরা মনে করি এগুলো বেশ গুরত্বপূর্ণ পরামর্শ।’ দাতারা খসড়াটিকে ‘ভালো দলিল’ হিসেবে অভিহিত করেছে বলে তিনি জানান। সভায় খসড়া দলিলের ওপর মূল প্রবন্ধ উপস্থাপনকারী পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম ব্রিফিংয়ে বলেন, ‘এই দলিলটিকে আমরা জাতীয় দলিল হিসেবে প্রণয়ন করতে চাই। ইতিমধ্যে সমাজের সব শ্রেণীপেশার সঙ্গে খসড়া দলিলটির ওপর সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে দাতাদের সঙ্গে বসেছি, তবে তাদের নির্দেশনা নেওয়ার জন্য নয়। তাদের পরামর্শ প্রয়োজন হলে নেব, অন্যথায় নেব না। তাদের কাছ থেকে এই পরিকল্পনা বাস্তবায়নে অর্থ পেলেও এর জন্য কোনো দায়বদ্ধতা নেই।’বৈঠক সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী প্রবৃদ্ধি অর্জন ও কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন।প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান আমদানি খাতে অর্থায়নের জন্য দাতাদের প্রতি আহ্বান জানান। তিনি জানান, দাতারা এই দলিলটি বাস্তবায়নে মোট ব্যয়ের প্রায় ৭ দশমিক ২ শতাংশ অর্থ দেবে। তবে দাতাদের শর্ত কম দেওয়ার আহ্বান জানান তিনি।মসিউর রহমান বলেন, পরিকল্পনার বাস্তবায়ন বাড়ালে মূল্যস্ফীতির চাপ বাড়বে। তবে অর্থের সরবরাহ কমালে এ চাপ কমবে। এ জন্য তিনি আমদানি ব্যয় মেটাতে অর্থায়নের আহ্বান জানান দাতাদের।এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ব্রিটিশ দাতা সংস্থা ইউকেএইড, জাপান, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ ও সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।খসড়া দলিল অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছর নাগাদ মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি আট শতাংশে উন্নীত হবে। প্রতিবছর গড় প্রবৃদ্ধি হবে সাত শতাংশ। এ ছাড়া দারিদ্র্যসীমার ওপরে উঠে আসবে জনগোষ্ঠীর আট থেকে ১০ শতাংশ সদস্য। অর্থাৎ ২০১৪-১৫ অর্থবছর নাগাদ দারিদ্র্যসীমার নিচে থাকবে দেশের ৩০ দশমিক ৮ শতাংশ মানুষ।এ ছাড়া ২০১৪-১৫ অর্থবছর নাগাদ এক কোটি ২০ লাখ লোকের কর্মসংস্থান হবে। তবে কৃষির চেয়ে শিল্প খাত, বিশেষ করে উৎপাদন খাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন শেষে জিডিপির ১৬ শতাংশের অংশীদার হবে কৃষি খাত, বর্তমানে যা ২০ শতাংশ। অন্যদিকে উৎপাদন খাতের অংশীদারি বর্তমানের জিডিপির ২০ শতাংশ থেকে বেড়ে হবে ২২ শতাংশ।এ ছাড়া সরকারি ও বেসরকারি বিনিয়োগ জিডিপির ৩২ দশমিক ১ শতাংশে উন্নীত করা হবে, যা বর্তমানে ২৪ দশমিক ২ শতাংশ। রপ্তানি খাতে ২০১৪-১৫ অর্থবছর নাগাদ তিন হাজার ৬৩০ কোটি ডলার আয় হবে। ২০১৪-১৫ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ উন্নীত হবে দুই হাজার ২৭০ কোটি ডলারে।খসড়া অনুযায়ী, পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করতে ১৩ লাখ ৩২ হাজার ৬৭০ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে দাতারা দেবে ৯৬ হাজার ৫২০ কোটি টাকা।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উন্নয়ন-সহযোগীদের তাগিদে তৈরি করা দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের (পিআরএসপি) পরিবর্তে আগের মতো পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাধীনতার পর ১৯৭৩ সালের জুলাই মাসে মধ্যমেয়াদি উন্নয়নের ধারণা নিয়ে দেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়। এরপর আরও চারটি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। ২০০২ সালের পর তখনকার বিএনপি-জামায়াত জোট সরকার দাতাদের পরামর্শে দারিদ্র্য বিমোচন কৌশলপত্র প্রণয়ন করে।