পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অভিবাসন খাত অন্তর্ভুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অর্থনীতি টিকিয়ে রাখতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা। কিন্তু এই প্রবাসীরা সর্বক্ষেত্রে অবহেলিত। অভিবাসন বিষয়টিও যথাযথ গুরুত্ব পাচ্ছে না। এ অবস্থায় ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অভিবাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করতে হবে।‘ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় অভিবাসন বিষয় অন্তর্ভুক্তি’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তারা এসব কথা বলেন। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সেমিনারের আয়োজন করে বেসরকারি সংস্থা রিফিউজি অ্যান্ড মাইগ্রেরটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ)।অনুষ্ঠানের প্রধান অতিথি বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের কোনো রকম বিনিয়োগ ছাড়াই বাংলাদেশ থেকে ৭০ লাখ লোক বিদেশে গেছে। তারা আজ দেশের সম্পদ। কাজেই বিষয়টিকে গুরুত্ব দিতেই হবে। বর্তমান সরকার এ বিষয়ে অনেক সচেতন।মন্ত্রী বলেন, একজন শ্রমিকের বিদেশে যেতে দুই থেকে আড়াই লাখ টাকা লাগবে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কাজেই অভিবাসন খরচ কমাতেই হবে, তা না হলে শ্রমবাজারে এর নেতিবাচক প্রভাব পড়বে। এ বিষয়ে যথাযথ নীতিমালা করার কথা বলেন তিনি।অনুষ্ঠানে অন্যদের মধ্যে পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমেদ, প্রবাসীকল্যাণসচিব জাফর আহমেদ খান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুর্যোর (বিএমইটি) মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী, শ্রম ও কর্মসংস্থানসম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল আলম প্রমুখ বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন আরএমএমআরইউয়ের নির্বাহী পরিচালক সি আর আবরার এবং সভাপতিত্ব করেন তাসনিম সিদ্দিকি।