পঞ্চম দিনেও শেষ হয়নি সাকা চৌধুরীর জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী গতকাল রোববার আসামিপক্ষের প্রথম সাক্ষী হিসেবে পঞ্চম দিনের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দি দিয়েছেন। ট্রাইব্যুনাল তাঁকে ২৬ জুনের মধ্যে জবানবন্দি শেষ করার নির্দেশ দিয়েছেন।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনাল-১-এ গতকাল সাকা চৌধুরীর জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম। ১৭ জুন সাকা চৌধুরী জবানবন্দি দেওয়া শুরু করেন।ট্রাইব্যুনাল গতকাল শেষ দিকে সাকা চৌধুরীকে বলেন, ২৪ ও ২৬ জুন—এ দুই দিনের মধ্যে তাঁকে জবানবন্দি শেষ করতে হবে। সাকা চৌধুরী বলেন, এ বিচার সম্পূর্ণ রাজনৈতিক। দুই দিনের মধ্যে জবানবন্দি শেষ করা তাঁর পক্ষে সম্ভব নয়। রাজনীতিকদের জীবন ঘটনাবহুল। মাসের পর মাস সময় দিলেও তাঁদের বক্তব্য শেষ হবে না।ট্রাইব্যুনাল বলেন, ‘এখন পর্যন্ত আপনি যে জবানবন্দি দিয়েছেন, তা আপনার কোনো উপকারে আসবে না।’ ট্রাইব্যুনাল তাঁকে সংক্ষিপ্ত আকারে ও অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বক্তব্য দিতে বলেন।গতকাল জবানবন্দিতে সাকা চৌধুরী বলেন, রাজনৈতিক ‘নির্যাতন’ বাংলাদেশের রাজনীতিকদের জন্য একটি পেশাগত বিপদ। জনপ্রিয় ও নির্বাচনের মাধ্যমে পদাধিকারী রাজনীতিকদের জন্য এ বিপদ আরও বেশি। ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাঁদের রাজনৈতিকভাবে ‘নির্যাতন’ করেছে, যার মুখ্য উদ্দেশ্য ছিল তাঁদের নির্বাচন ও নির্বাচনের মাধ্যমে পদ লাভ থেকে বিরত রাখা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেশত্যাগে চাপ দেওয়া হয়েছিল। শেখ হাসিনাকে দেশে না ফিরতে চাপ দেওয়া হয়, খালেদা জিয়াকে দেশত্যাগের জন্য জোর করে বিমানবন্দরে পাঠানো হয়। কিন্তু এ দুই ক্ষেত্রেই ১/১১-এর ‘দস্যু’রা ব্যর্থ হয়ে তাঁদের (শেখ হাসিনা ও খালেদা জিয়া) বিরুদ্ধে অভিযোগ আনে। লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (বতর্মানে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার) স্থাপিত বিশেষ আদালতে তাঁদের বিচার শুরু হয়।সাকা চৌধুরী বলেন, ১/১১-এর যোগসাজশকারীরা হচ্ছে সমাজের একটি উচ্চাভিলাষী ভাড়াটে শ্রেণী, যারা গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ায় নিজেদের বিপন্ন বোধ করে। এই শ্রেণীর মধ্যে রয়েছে গণমাধ্যম, বেসামরিক ও সামরিক আমলাদের একটি অংশ, আর কয়েকজন আইনবিদ যাঁদের একাগ্রতা প্রশ্নবিদ্ধ। ‘মিডিয়া সিন্ডিকেটের’ নেতৃত্ব দেন একটি ‘র্যাগ শিটের’ সম্পাদক, যে পত্রিকাটি ‘দিল্লি স্টার’ নামে পরিচিত। আইনবিদদের মধ্যে যাঁরা ১/১১-কে সমর্থন করেন, তাঁদের নেতৃত্ব দেন একজন বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ। বর্তমানে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার সামরিক ও বেসামরিক আমলাদের নেতৃত্ব দেন।পরে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ ট্রাইব্যুনালকে বলেন, জবানবন্দিতে বানান ভুল করে হয়তো ডেইলি স্টার-এর বদলে ‘দিল্লি স্টার’ লেখা হয়েছে। সাকা চৌধুরী বলেন, শব্দটি তিনি ‘দিল্লি স্টার’ই বলেছেন। স্পর্শকাতর বিষয়ে বলার সময় তিনি সতর্ক থাকেন।উল্লেখ্য, বাংলাদেশে ‘দিল্লি স্টার’ নামে কোনো সংবাদপত্র নেই।সাকা চৌধুরী আরও বলেন, ১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের মূল বিলে ছিল, এই আইনের অধীনে ‘একজন ব্যক্তিরও’ বিচার করা যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে ওই শব্দটি বাদ দেওয়া হয়। ২০০৯ সালে আইন সংশোধন করে ‘ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠী’কে এই আইনে বিচারের আওতায় আনা হয়। ফলে দেশের ১৬ কোটি মানুষকে এই আইনের অধীনে বিচার করা যাবে। তিনি বলেন, নবম জাতীয় সংসদ বঙ্গবন্ধুর বিচক্ষণতাকে টপকে ট্রাইব্যুনালস আইনে ‘ব্যক্তি ও ব্যক্তিগোষ্ঠী’ শব্দগুলো যোগ করেছে।বিকেলে জবানবন্দি অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।১৭ জুন থেকে দেওয়া জবানবন্দিতে সাকা চৌধুরী তাঁর বংশপরিচয়, ধারণা ও বিশ্বাস, ব্রিটিশ শাসন ও উপমহাদেশে মুসলিম বুদ্ধিজীবীদের অবদান, ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকার, রাজনীতিকেরা কীভাবে রাজনৈতিক নির্যাতনের শিকার হন—এসব বিষয়ে বক্তব্য দিচ্ছেন। রাষ্ট্রপক্ষ বলছে, সাকা চৌধুরী তাঁর জবানবন্দিতে অ্যালিবাই (ঘটনাস্থলে না থাকার দাবি) নিয়ে দু-একটি অনুচ্ছেদ বলেছেন, বাকি সব বক্তব্য মামলার অভিযোগের সঙ্গে অপ্রাসঙ্গিক।