সকালে ঘুম থেকে উঠে সালামত আলীর মনে হলো, আজ তাঁর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেকে টাকা পাঠানোর কথা। আর নিজের যাওয়ার কথা ভূরুঙ্গামারীতে মেয়ের শ্বশুরবাড়ি। দুটো কাজের কোনোটি গুছিয়ে রাখা হয়নি। মেয়ে আর নাতির জন্য কিছু কেনা দরকার। কিন্তু সালামতের কথা শুনে তেমন কোনো বিকার হলো না তাঁর ছোট মেয়ে আকিলার। সে শুধু তার চৌকস মোবাইলটি নিয়ে বসে পড়ল বাবার পাশে। বাবার কাছে জানতে চাইল ভাইয়াকে কত টাকা পাঠাতে হবে। শুনে নিয়ে মোবাইলে কী সব টেপাটেপি করল। একটু পর চৌকসের পর্দাজুড়ে ভেসে উঠল সালামতের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে রহিমালীর ছবি। বাবার দিকে তাকিয়ে বলল, ‘ধন্যবাদ, বাবা। টাকা পাঠাতে তোমার কখনোই দেরি হয় না। আমার পড়াশোনা ভালো হচ্ছে, এখন ক্লাসে যাচ্ছি। বিকেলে মায়ের সঙ্গে কথা বলব।’চৌকসের পর্দা থেকে ভাইয়ের ছবি মিলিয়ে যাওয়ার পর সেখানে আরও কী সব করল আকিলা। তারপর বাবাকে বলল, ‘আপুর বাড়িতে যাওয়ার জন্য বেলা ১১টার দুরন্ত সার্ভিসের একটা টিকিট কেটেছি। তুমি চৌকসটা নিয়ে যাও। আর আপুর জন্য বাজারের বড় দোকানটাতে কিছু কেনাকাটা করেছি। তুমি নিয়ে যেয়ো।’অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সালামত অবশ্য আজকাল আকিলার এসব ‘কাজে’ খুব বেশি অবাক হন না। বেলা ১১টার সময় আমরা দেখলাম সালামত আলী বাজারের বড় দোকান থেকে একটি প্যাকেট তুলে নেওয়ার জন্য একটি ছোট মেশিনের সামনে তাঁর চৌকস মোবাইলটি ধরেছেন! একইভাবে বাসে ওঠার সময় বাসের দরজায় লাগানো মেশিনের সামনে মোবাইলটি ধরার সঙ্গে সঙ্গে বাসের দরজা খুলে গেল।...কল্পনার দৌড় আমি আর বাড়াতে চাই না। স্বপ্নের বাংলাদেশে তথ্যপ্রযুক্তির বিকাশ ও প্রয়োগ কেমন হবে, তার একটি ছবি আঁকার চেষ্টা করছিলাম। আমার আঁকা ছবির অনেকখানি জুড়েই মোবাইল ফোন অথবা বলা ভালো চৌকস ফোন। ইংরেজিতে স্মার্ট ফোন বললে যেমন চট করে আমরা আই-ফোন বা অ্যান্ড্রুয়েড ফোন বুঝি, চৌকস ফোন আসলে সে রকমই একটি মোবাইল। আমার বিশ্বাস, আগামী এক দশকের মধ্যে আমাদের দেশে ৯০ শতাংশ জনগোষ্ঠী কোনো না কোনোভাবে মোবাইল ফোনের নেটওয়ার্কে যুক্ত থাকবে।পঞ্চম প্রজন্মের চৌকস মোবাইলটি সম্পূর্ণ বাংলা ভাষার অপারেটিং সিস্টেমে চলে, কাছের ক্ষেত্রে যোগাযোগব্যবস্থাসমৃদ্ধ (Near Field Communication) এই ফোনে রয়েছে একটি চৌকস মাইক্রো চিপস। এবং এর মাধ্যমে ব্যবহারকারী তার ব্যাংক ও জাতীয় নাগরিক ডেটাবেইসের সঙ্গে যুক্ত। যেহেতু ব্যাংকের সঙ্গে যুক্ত, তাই চৌকস ব্যবহূত হয় ব্যাংকিং কার্যক্রমে। দেশে ই-মানির ব্যবহার অনেক বেড়েছে। বলা যায় মাত্র ১০ শতাংশ কেনাকাটায় নগদ লেনদেন হয়। বাকিটা হয় ইলেকট্রনিক মাধ্যমে। ট্রেনের টিকিট হোক বা বাসের টিকিট, সবই ওই মোবাইল ফোনে কাটা যায়। আর কষ্ট করে টিকিটটা আনতে হয় না বা বাসে ওঠার সময় কাউন্টার থেকে জোগাড় করতে হয় না। বাস, ট্রেন কিংবা লঞ্চে ঢোকার মুখে থাকে এনএফসি রিডার। মোবাইল ফোনটি ধরলেই রিডার স্বয়ংক্রিয়ভাবে এম-টিকিট যাচাই করতে পারে। আমার নিজের ধারণা, পঞ্চম প্রজন্মের এই মোবাইল ফোনসেটগুলো বাংলাদেশেই তৈরি হবে। এগুলো বাংলা ভাষার মৌখিক নির্দেশও মানবে! আর এই গবেষণায় নেতৃত্ব দেবেন আমাদের বিজ্ঞানীরাই। তবে, কেবল দেশের ব্যবহারকারীরা যে বাংলাদেশি মোবাইল ফোন ব্যবহার করবে তা নয়, পৃথিবীর চৌকস ফোনের একটি বড় অংশ তৈরি হবে বাংলাদেশের উত্তরবঙ্গে।স্বপ্নের বাংলাদেশে তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় প্রয়োগ দেখা যাবে শিক্ষাক্ষেত্রে। তবে, সেখানে মোবাইল, কম্পিউটার কিংবা প্রজেক্টর শিক্ষকদের বিকল্প হবে না। বরং সহায়ক ভূমিকায় থাকবে। বেশির ভাগ স্কুল ক্যাম্পাসে নেটওয়ার্ক থাকবে, তারবিহীন।শিক্ষার্থীদের হাতে যে ই-ডিভাইসটি থাকবে, সেটি সালামত আলীর চৌকস ফোনের চেয়ে একটু বড় হবে, কারণ তার পর্দাটি বড়। ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা সেসব ই-ডিভাইস পেয়ে যাবে, যাতে তাদের প্রয়োজনীয় তথ্য সন্নিবেশিত হবে। বিদ্যালয়ের চৌহদ্দিতে ঢুকলে স্কুল ডেটাবেইসে তার উপস্থিতি স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হয়ে যাবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো শিক্ষার্থী উপস্থিত না হলে তার অভিভাবকের কাছে পৌঁছে যাবে খুদেবার্তা!শ্রেণীকক্ষের পারফরম্যান্স, পরীক্ষার খবর—সবই অভিভাবক পেয়ে যাবেন তাঁর চৌকস মোবাইলে। শিক্ষার্থীরা তাদের বাড়ির কাজ, অ্যাসাইনমেন্ট কিংবা পরীক্ষাপর্বের অনেক কিছুই তাদের ই-যন্ত্রে করবে বটে, তবে তাদের নিয়মিত স্কুলে আসতে হবে। দৌড়াতে হবে মাঠে। থাকবে খেলাধুলার ব্যবস্থাও। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের ই-দক্ষতাও বাড়বে, বড় হবে তাদের ই-নেটওয়ার্ক। নিজের নিয়মে অঙ্ক না করলে শূন্য দেওয়ার সংস্কৃতি থেকে শিক্ষকদের বেশির ভাগই মুক্ত হবেন। ‘মিনি মুখে করে বাবার স্যান্ডেল এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে যায়’—এটা লেখার জন্য কাউকে শূন্য দেওয়া হয় না, বরং তাকে উৎসাহিত করা হয়।স্বাস্থ্য ও কৃষিতে প্রযুক্তির ব্যবহার অনেকখানি বেড়েছে। সেটি আরও বিকশিত হবে স্বপ্নের বাংলাদেশে। স্বাস্থ্য, শিক্ষা ও সচেতনতা কর্মসূচির কারণে জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়বে। ইপিআই প্রোগ্রামের সাফল্য থাকবে শতভাগ। কারণ, ডেটাবেইসে তথ্য হালনাগাদ হবে স্বয়ংক্রিয়ভাবে।কৃষি তথ্যসেবার অনেক নমুনা এখন আমরা দেখছি। তবে আমার ধারণা, প্রযুক্তির বিকাশের ভিন্ন ব্যঞ্জনা দেখব আমরা মাঠে, তথ্যে নয়। আমাদের এমন ধান দরকার, যা খরায় পুড়বে না, বন্যার পানিতে লুটিয়ে পড়বে না। তেমন ধানের জন্য সব প্রজাতির ধানের ডিএনএ-নকশা ও জিন-নকশা দুটোই পড়ে ফেলবেন আমাদের বিজ্ঞানীরা। নানা বর্ণের কাগজ কেটে যেমন বর্ণচাকতি বানানো হয়, তেমনি জিন-প্রকৌশলে আবির্ভূত হবে আমাদের স্বপ্নের ধান। মাটির গুণানুসারে ফসল বোনার কায়দাটাও আয়ত্ত করে ফেলবে আমাদের কৃষককুল। তবে, হ্যাঁ, এসব বিকাশের বেশির ভাগই হবে গ্রামে, মাঠে। দেশের বিভিন্ন গ্রামে গড়ে উঠবে প্রযুক্তিভিত্তিক ল্যাবরেটরি ও বীজাধার। সেখানেই হবে নতুন প্রজাতির উন্মেষ ও বীজের সংরক্ষণ। এগুলোর বেশির ভাগই চলবে সৌরবিদ্যুতে। সোলার প্যানেলগুলোর সিংহভাগই আসবে রাজশাহীতে পদ্মাপারে গড়ে ওঠা সোলার প্যানেল কমপ্লেক্স থেকে। চৌকস মোবাইল থাকবে কৃষকের হাতে। সেটিতে ফসলের ছবি তুলে তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করা যাবে।জবাবদিহি, আধুনিকতা ও সৃজনশীলতার মিশেলে নতুন শিক্ষাব্যবস্থার ফসল হবে একুশ শতকের নতুন প্রজন্ম। একুশ শতকের দিনবদলের নানা হাতিয়ারে তারা হবে ঋদ্ধ। আন্তর্জাতিক মেধার বাজারে তাদের চাহিদা হবে ব্যাপক। ফলে, ভূরুঙ্গামারীতে বসে ইতালির সার্ন গবেষণার ডেটা বিশ্লেষণ করবে আকিলা। গুইমারীর তপন থিসাং নেতৃত্ব দেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণের গবেষণায়।মেধাভিত্তিক শিল্পের বিশ্বব্যাপী গড়ে ওঠা বিপ্লবে শামিল থাকবে আমাদের নতুন প্রজন্ম। ভাষা নিয়ে তেমন একটা সমস্যায় তারা পড়ছে না, দুটো কারণে। প্রথমত, ইংরেজিকে তারা গ্রহণ করেছে একটি হাতিয়ার বা টুল হিসেবে। দ্বিতীয়ত, চৌকস সব অনুবাদক থাকে সব সময় হাতের নাগালে।এই মেধাবী প্রজন্মের মাধ্যমে বাংলাদেশ তার দীর্ঘদিনের কর্মসংস্থান সমস্যার অনেকখানি কাটিয়ে উঠেছে। দেশ স্বীকৃতি পেয়েছে বিশ্বের অন্যতম মেধা জোগানদার হিসেবে! মেধা ও বুদ্ধির চমৎকারিত্বের কারণে দুই অঙ্কের প্রবৃদ্ধি চলমান থাকবে অনেক বছর ধরে।তবে তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় প্রয়োগ দেখব আমরা রাজনীতিতে। জনগণের সংযুক্তির কারণে বাড়বে রজনীতিবিদদের জবাবদিহি। ফলে মেধাবীরা ফিরে আসবে রাজনীতির মূল আঙিনায়। আর তা হলেই হবে বাঙালির মনুষ্যত্বের চরম বিকাশ। কারণ—‘হার্ডওয়্যার, সফটওয়্যার আর হিউম্যানওয়্যার,তিন মিললে হয় বিজয়।মানুষই আসল তবু,নইলে পুরো অপচয়।’স্বপ্নের স্বদেশপানে আমাদের অব্যাহত যাত্রার প্রধান অনুষঙ্গ তাই হবে স্বপ্নপূরণের মানুষ গড়ার। দিনবদলের হাতিয়ার তথ্যপ্রযুক্তি হবে সেই গড়ার সোপান।আমরা প্রত্যাশায় বুক বাঁধি!মুনির হাসান: সাধারণ সম্পাদক, গণিত অলিম্পিয়াড কমিটি।