পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নেয় দ্বিতীয় শ্রেণীর ক্লাস
পঞ্চম শ্রেণীর ছাত্র সাহিনুর রহমান ওরফে সনি ক্লাস নিচ্ছে দ্বিতীয় শ্রেণীর। ক্লাসে দাঁড়িয়ে শিক্ষার্থীদের পড়া বুঝিয়ে দিচ্ছে। দেখিয়ে দিচ্ছে হাতের লেখা। লাঠি নিয়ে মাঝে মধ্যে মারতেও যাচ্ছে। ১ ফেব্রুয়ারি বেলা ১১টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বগেরগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এভাবে ক্লাস নিতে দেখা যায় সনিকে। এ সময় সনি বলে, ‘শিক্ষকেরা আমাকে বলেছেন এদের একটু দেখিয়ে দাও। আমি সেভাবে দায়িত্ব পালন করছি। মাঝে মধ্যেই আমাকে এই দায়িত্ব পালন করতে হয়।’সরেজমিন দেখা গেছে, বিদ্যালয়ে তিনজন শিক্ষক উপস্থিত। প্রধান শিক্ষিকা মনিরা পারভিন প্রথম শ্রেণীর শিশুদের চিত্কার-চেঁচামেচি ঠেকাতে ব্যস্ত। আর সহকারী শিক্ষক আসাদুল ইসলাম ও নাজমুন শিল্পী দাপ্তরিক কক্ষে ব্যস্ত শিক্ষা জরিপের কাজ নিয়ে। দ্বিতীয় শ্রেণীর ক্লাস নিচ্ছে পঞ্চম শ্রেণীর ছাত্র সনি। বাইরে চলছে বাচ্চাদের চিত্কার আর চেঁচামেচি। শিক্ষকদের সঙ্গে আলাপ করে জানা যায়, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে ৩২৩ জন শিক্ষার্থী ও তিনজন শিক্ষক আছেন। এখানে রয়েছে পাঁচটি শ্রেণীকক্ষ ও একটি দাপ্তরিক কক্ষ। পাশে আরেকটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান হস্তান্তর না করায় সেটি ব্যবহার করা যাচ্ছে না। এখানে কক্ষের সংকট নেই, আছে শিক্ষক-সংকট। এর আগে বিদ্যালয়টি থেকে বৃত্তি পেলেও এবার পায়নি। প্রাথমিক সমাপনী পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ২৮ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। রেবেকা সুলতানা নামের আরেকজন শিক্ষিকা থাকলেও ২০০৮ সালের ১২ জুলাইয়ের পর থেকে তিনি আর বিদ্যালয়ে আসেননি। তাঁর পরিবারের পক্ষ থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে মেডিকেল রিপোর্ট জমা দিয়ে বারবার ছুটি বাড়ানো হলেও, বাস্তবে তিনি স্বামীর সঙ্গে কানাডায় অবস্থান করছেন। প্রধান শিক্ষিকা মনিরা পারভিন বলেন, ‘প্রশাসনির ও দাপ্তরিক কাজে আমাকে বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয়। মাঝে-মধ্যে উপজেলার দপ্তরেও যেতে হয়। তখন বিদ্যালয়ে মাত্র দুজন শিক্ষক থাকেন। প্রতি ৪০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার কথা থাকলেও ৩২৩ জন শিক্ষার্থীকে সামাল দিতে হয় মাত্র তিনজন শিক্ষককে। তারপরও কখনো ভোটার তালিকা, শিশু জরিপ, কখনো টিকা খাওয়ানোর কাজ করায় প্রায়ই ক্লাস নিতে সমস্যা হয়। তবে বিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষিকার বিষয়ে ঊর্ধ্বতন কতৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।’বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফিরোজা বেগম বলেন, ‘নানাভাবে শিক্ষক-সংকট মোকাবেলা করতে হচ্ছে। তাছাড়া একজন শিক্ষিকার বিদেশে যাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিন বলেন, ‘ওই শিক্ষিকার বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অচিরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে।’