তবে হাইকোর্টের রায় পরিমার্জন হবে
পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণার বিরুদ্ধে আপিল আবেদন খারিজ
সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা আবেদন (লিভ টু আপিল) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী এ লিভ টু আপিল করেছিলেন। সামরিক শাসনকে বৈধতা দিতে সংবিধানের এ সংশোধনী আনা হয়েছিল। তবে আবেদন খারিজ করা হলেও আদালত বলেছেন, হাইকোর্টের রায় পরিমার্জনের পাশাপাশি কিছু পর্যবেক্ষণ দেওয়া হবে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত ছয় বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। দুই পক্ষের আইনজীবীরা বলেছেন, আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাওয়ার পর এ বিষয়ে স্পষ্ট ও পূর্ণাঙ্গ ধারণা দেওয়া সম্ভব হবে।গতকাল সকাল ১০টা ১৪ মিনিটে এজলাসে আসেন প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম, বিচারপতি মো. আবদুল মতিন, বিচারপতি বি কে দাস, বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহা। এজলাসে বসার পর সোয়া ১০টায় আদেশ পড়ে শোনান প্রধান বিচারপতি। এক মিনিটের আদেশে তিনি বলেন, ‘পরিমার্জন ও পর্যবেক্ষণ সাপেক্ষে লিভ টু আপিল খারিজ করা হলো।’ প্রতিক্রিয়া: আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম সাংবাদিকদের বলেন, সামগ্রিকভাবে হাইকোর্টের দেওয়া রায়ই বহাল থাকছে। এ আদেশের মধ্য দিয়ে শাসনতান্ত্রিক ইতিহাসে বিরাট বিজয় অর্জিত হলো।অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানে মার্শাল ল বলে কিছু নেই। সংবিধান-বহির্ভূতভাবে মোশতাক, সায়েম ও জিয়া ক্ষমতা দখল করেছেন বলে হাইকোর্টের রায়ে বলা হয়েছে। আদেশে কী ধরনের পরিমার্জন থাকতে পারে বলে মনে করছেন, এমন প্রশ্নের জবাবে মাহ্বুবে আলম বলেন, ‘ঘটনা ঘটে যাওয়ায় কিছু কিছু বিষয় হাইকোর্ট মার্জনা করেছিলেন। হয়তো এসব বিষয় থেকে কিছু বাদ যাবে, আবার কিছু যুক্ত হতে পারে। আশা করি, সংবিধানের মূল চার নীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ পুনঃপ্রতিষ্ঠিত হবে।’ অপর এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, জিয়া, মোশতাক ও সায়েমের সামরিক শাসন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ে আশা করি, আপিল বিভাগ দ্বিমত পোষণ করবেন না। হাইকোর্টের ঐতিহাসিক রায়ের কারণে এক-এগারোর সময় সামরিক বাহিনী সরাসরি রাজনীতিতে আসতে পারেনি। আর এ আদেশের ফলে সামরিক শাসন আসার পথ রুদ্ধ হয়ে গেল। হাইকোর্টের রায় কার্যকর করতে সংসদে বিল আনতে হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদে যেতে হবে না। অষ্টম সংশোধনী মামলায় আপিল বিভাগের রায়ের পর সংবিধান ছাপা হয়। তাতে রায় অনুসারে সংবিধানে বিষয়গুলো সংযুক্ত করা হয়েছিল। এ ক্ষেত্রে রায় অনুসরণ করে সংবিধান ছাপানো হবে। খোন্দকার দেলোয়ার হোসেনের আইনজীবী টি এইচ খান সাংবাদিকদের বলেন, ‘আদালত মডিফিকেশন (পরিমার্জন) শব্দটি উচ্চারণ করেছেন। তাই হতাশার মধ্যেও আশার আলো দেখছি। কী পরিমার্জন হবে, তা জানি না। তবে লিভ গ্রহণ করে পূর্ণাঙ্গ রায় দেওয়া হলে তা হতো শোভনীয়। এর ওপর জাতির ভবিষ্যত্ শৃঙ্খলা ও কল্যাণ নির্ভরশীল।’ টি এইচ খান বলেন, সরকার লিভ প্রত্যাহার করেছে। এখন লিভ মঞ্জুর হলে সরাসরি সরকারের মুখোমুখি যাওয়া হয়। আদালত সরকারের সঙ্গে বিশ্বস্ত ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করছে। তিনি বলেন, ‘আমাদের যুক্তির যথার্থতা আদালত বুঝতে পেরেছেন। আশা করি, রায়ে তা প্রতিফলিত হবে। আদালত আমাদের যুক্তিগুলো কীভাবে খণ্ডন করবেন, তা দেখার অপেক্ষায় আছি।’সংশোধনী আনতে হলে সংসদে যেতে হবে কি না, এ প্রশ্নের জবাবে টি এইচ খান বলেন, অবশ্যই সংসদে বিল আনতে হবে।রাষ্ট্রপক্ষে নিয়োজিত কৌঁসুলি মাহমুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, কিছু পরিমার্জন ও পর্যবেক্ষণ দিয়ে লিভ টু আপিলগুলো খারিজ করায় হাইকোর্টের দেওয়া রায়ই বহাল থাকছে। তিনি বলেন, কী পরিমার্জন ও পর্যবেক্ষণ দেওয়া হয়েছে, তা না দেখে মন্তব্য করা সমীচীন হবে না। কারণ, পূর্ণাঙ্গ রায় না দেখা পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া সম্ভব নয়। লিভ টু আপিলকারী তিন আইনজীবীর কৌঁসুলি মওদুদ আহমদ বলেন, এর সঙ্গে সাংবিধানিক বিষয় জড়িত থাকায় লিভ দিয়ে পূর্ণাঙ্গ শুনানি করা যেত। আমাদের যুক্তিগুলো সঠিক ছিল, আদালতের আদেশে তা-ই প্রমাণিত হলো। কারণ, আদালত কিছু পরিমার্জন ও পর্যবেক্ষণের কথা বলেছেন। রায়ের অনুলিপি পাওয়ার পর বোঝা যাবে, হাইকোর্টের রায় বহাল থাকছে কি না। এক প্রশ্নের জবাবে মওদুদ আহমদ বলেন, ‘দেশের সর্বোচ্চ আদালত আদেশ দিয়েছেন। আইনজীবী হিসেবে তা মেনে নিয়েছি। তবে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার পর জনগণ এর মূল্যায়ন করবে।’বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় কেন লিভ টু আপিল দায়ের করা হয়নি, এমন প্রশ্নের জবাবে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেন, এক বছর পর অনুলিপি পেয়েছি। আপিল অত দ্রুত শুনানি হয় না। পেপারবুক পেতে এক বছর সময় লাগে। তখন শুনানি আর এখন শুনানির মধ্যে পার্থক্য নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান থেকে বিসমিল্লাহ উঠে যাবে না। গতকালের রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে বিশিষ্ট আইনজীবী এম জহির প্রথম আলোকে বলেন, ‘আমরা হাঁফ ছেড়ে বাঁচলাম। দীর্ঘ শুনানি হয়েছে। লিভ মঞ্জুরের কারণ নেই। আশা করি, বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া সম্ভব হবে। আদেশ না দেখে এর বেশি বলা যাবে না।’পঞ্চম সংশোধনী নিয়ে মামলা ও রায়: ১৯৭২ সালে ওয়াইজঘাটের মুন সিনেমা হল পরিত্যক্ত সম্পত্তি ঘোষণা করা হয়। এ সম্পত্তির মালিকানা ফেরত পেতে ২০০০ সালে হাইকোর্টে একটি রিট দায়ের করে ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড। এর পরিপ্রেক্ষিতে ২০০৫ সালের ২৯ আগস্ট বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ রায় দেন। রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর খন্দকার মোশতাক, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, মেজর জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ সংবিধান-বহির্ভূত এবং বেআইনি ঘোষণা করা হয়। এ ছাড়া সংবিধানের ৬, ৮, ৯, ১০, ১২, ২৫, ৩৮, ৪২ ও ১৪২ অনুচ্ছেদগুলো মূল সংবিধানে যেরূপে ছিল, সেরূপে থাকবে বলে আদালতের পর্যবেক্ষণে বলা হয়।আদালতের পর্যবেক্ষণে ১৯৭৫ সালের ৮ নভেম্বর সামরিক শাসন জারিকেও সংবিধান-বহির্ভূত ও অবৈধ হিসেবে উল্লেখ করা হয়। জিয়াউর রহমানের কাছে রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব অর্পণও ছিল সংবিধান-বহির্ভূত ও অবৈধ। ১৯৭৬ সালের ২৯ নভেম্বর সামরিক শাসন জারির মাধ্যমে তাঁকে প্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগ সংবিধানের সীমা-বহির্ভূত। তাঁর এ নিয়োগ বেআইনি, সংবিধান-বহির্ভূত ও অবৈধ। একই সঙ্গে পরবর্তী সময়ে তাঁর নেওয়া সব সিদ্ধান্তও অবৈধ। এ বিষয়ে ২২টি পর্যবেক্ষণ দিয়ে হাইকোর্টের রায়ে বলা হয়, যা কিছু করতে হবে, অবশ্যই সংবিধান অনুযায়ী হতে হবে। তবে ওই সময়ে জনকল্যাণে নেওয়া রাষ্ট্রপতি বা সামরিক আইন প্রশাসকের কিছু কার্যক্রমকে সমুন্নত রাখা হয়। এরপর যা ঘটেছে: তবে বিএনপি-জামায়াত জোট আমলে সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণার দিন রাতেই আপিল বিভাগের চেম্বার বিচারপতি তা স্থগিত করেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৩ মে সরকারপক্ষ লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন করে। ওই বছরের ২৫ মে বিএনপির মহাসচিব ও সুপ্রিম কোর্টের আইনজীবী মুন্সী আহসান কবির, তাজুল ইসলাম ও মো. কামরুজ্জামান হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন। গত ৪ জুন হাইকোর্টের রায় স্থগিতাদেশ খারিজের আবেদন করে রিট আবেদনকারী পক্ষ। পরে ৩ জানুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। হাইকোর্টের রায় স্থগিত করে ইতিপূর্বে আপিল বিভাগের দেওয়া আদেশও প্রত্যাহার করা হয়। পাশাপাশি বিএনপির মহাসচিব ও তিন আইনজীবীর করা লিভ টু আপিলের ওপর ১৮ জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়। গত ১৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ছয় দিন লিভ টু আপিলের ওপর শুনানি শেষে আদালত গতকাল আদেশ দেন। পঞ্চম সংশোধনীর আগে ও পরে: ১৯৭২ সালের সংবিধানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল। ১৯৭৭ সালে আনা পঞ্চম সংশোধনীতে ধর্মভিত্তিক রাজনীতি উন্মুক্ত করা হয়।১৯৭২ সালের সংবিধানের প্রস্তাবনার দ্বিতীয় অনুচ্ছেদে বলা ছিল, ‘আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তিসংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদেরকে প্রাণোত্সর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল—জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে।’ পঞ্চম সংশোধনীতে তার জায়গায় বলা হয়, ‘আমরা অঙ্গীকার করিতেছি যে, যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় স্বাধীনতার জন্য যুদ্ধে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণোত্সর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র অর্থাত্ অর্থনৈতিক ও সামাজিক সুবিচারের সেই সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি হইবে।’ পঞ্চম সংশোধনী বাতিল হলে বাহাত্তরের সংবিধানের চার নীতি সংবিধানে ফিরে আসবে।