আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের পর এমনিতেই বাংলাদেশ জামায়াতে ইসলামী নিষিদ্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার আওয়ামী লীগ ওয়াশিংটন শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।ভার্জিনিয়ার স্প্রিং ফিল্ডের একটি হোটেলে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আইনমন্ত্রী আরও বলেন, সংবিধান হচ্ছে রাষ্ট্রের রক্ষাকবচ। ‘যার ধর্ম তার, রাষ্ট্র সবার’—এই চেতনায় ফিরে আসছে বাহাত্তরের সংবিধান। যেখানে ধর্ম নিয়ে কেউ রাজনীতি করতে পারবে না। আইনমন্ত্রী মন্তব্য করেন, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা ইতিহাস বিকৃতি ও মিথ্যাচার। কারণ জিয়া কখনো দাবি করেননি যে তিনি স্বাধীনতার ঘোষক। আর তিনি (জিয়াউর রহমান) ক্ষমতা দখল নয়, একটি মিশন নিয়ে ক্ষমতায় এসেছিলেন। সেটি হচ্ছে স্বাধীনতার চেতনাকে নিঃশেষ করে পাকিস্তানি চেতনাকে পুনঃপ্রতিষ্ঠা। যার ফলে তিনি একের পর এক সংবিধান পরিবর্তন করেন। বঙ্গবন্ধুর খুনিদের শুধু আইন করে ক্ষমা নয়, তিনি তাঁদের পুরস্কৃত করেছিলেন কূটনীতিকের চাকরি দিয়ে।বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অবস্থান জানানোর আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। ১২ খুনির মধ্যে পাঁচজনের ফাঁসি কার্যকর হয়েছে। পলাতক সাতজনের একজন মারা গেছেন। অন্যরা কানাডাসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছেন। তাঁদের কোনো খোঁজ পেলে সরকারকে জানান। অনুষ্ঠানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও উপস্থিত ছিলেন। তিনি বলেন, কিবরিয়া হত্যাকাণ্ড, ২১ আগস্টের বোমা হামলায় জোট সরকার যাদের নাম দিয়েছিল তারা আসলে চুনোপুঁটি। আসল রাঘববোয়ালেরা তত্কালীন সরকারের বড় বড় ক্ষমতাধর। তবে কাউকেই ছাড় দেওয়া হবে না।অনুষ্ঠানটি পরিচালনা করেন ভয়েস অব আমেরিকার সংবাদ ভাষ্যকার রোকেয়া হায়দার।