পঞ্চম সংশোধনী: দেলোয়ারের আবেদনের শুনানি ১৮ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চম সংশোধনী-সংক্রান্ত মামলায় হাইকোর্টের রায় স্থগিতের জন্য বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এবং সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর করা আবেদনের ওপর ১৮ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার দুপুরে চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ওই দিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য আদেশ দেন। ৩ জানুয়ারি সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায় স্থগিত করে এর আগে আপিল বিভাগের দেওয়া আদেশও প্রত্যাহার করা হয়। প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চ এসব আদেশ দেন। পঞ্চম সংশোধনী মামলা: ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। বাংলাদেশ ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের করা রিট আবেদেনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন। রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মুশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম ও জিয়াউর রহমানের সামরিক শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। অবশ্য ওই সময়ের সরকারের জনস্বার্থে করা বেশকিছু আইনি কাজকে মওকুফ করে দেওয়া হয়। চারদলীয় জোট সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণার দিন রাতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওই রায় স্থগিত করেন। পরে স্থগিতাদেশের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। গত বছরের জানুয়ারিতে বিষয়টি কার্যতালিকায় আসে। ৩ মে সরকার লিভ টু আপিল প্রত্যাহারের আবেদন করে। ৪ মার্চ খোন্দকার দেলোয়ার এবং সুপ্রিমকোর্টের আইনজীবী মুন্সী আহসান কবিরসহ তিন আইনজীবী ব্যাখ্যাদানকারী হিসেবে পক্ষভুক্ত হওয়ার আবেদন জানান। ৪ মে সদ্যবিদায়ী প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ খোন্দকার দেলোয়ার হোসেন এবং ওই তিন আইনজীবীকে চার সপ্তাহের মধ্যে লিভ টু আপিল করার নির্দেশ দেন। ২৫ মে তাঁরা লিভ টু আপিল করেন। ৪ জুন স্থগিতাদেশ খারিজের আবেদন করেন রিট আবেদনকারীপক্ষ।