পঞ্চম সংশোধনী: লিভ টু আপিল খারিজ
পঞ্চম সংশোধনীর ওপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির এক বিশেষ বেঞ্চ আজ মঙ্গলবার সকালে এই রায় দেন। আদালতের রায়ে প্রধান বিচারপতি বলেন, ‘কিছু পর্যবেক্ষণ ও সংশোধনীসাপেক্ষে লিভ টু আপিল খারিজ করে দেওয়া হলো। ’তবে এই নির্দেশে হাইকোর্টের রায় পুরোপুরি কার্যকর হবে কী না, বিষয়টি এখনো পরিষ্কার নয়। এ ব্যাপারে কিছু পর্যবেক্ষণ ও সংশোধনীর প্রয়োজন রয়েছে।বাংলাদেশ ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে ২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম ও জিয়াউর রহমানের সামরিক শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। গতকাল অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেছিলেন, পঞ্চম সংশোধনী মামলায় হাইকোর্টের রায়ে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতার বিষয়টি প্রতিফলিত হয়েছে। তিনি বলেন, পঞ্চম সংশোধনী বাতিল হলে সংবিধান থেকে বিসমিল্লাহ্ উঠে যাবে না। হাইকোর্টের রায়ে বিসমিল্লাহ্ বিষয়ে কিছু উল্লেখ নেই। অন্যদিকে খোন্দকার দেলোয়ারের আইনজীবী টি এইচ খান সাংবাদিকদের বলেন, ‘ছয় দিন শুনানি হয়েছে। ছয় দিন অরণ্যে রোদন করেছি। সরকারের লিভ টু আপিল প্রত্যাহার আমাদের জন্য কাল হয়েছে। যদি লিভ মঞ্জুর করা হয়, তাহলে সরকারের বিরোধিতা করা হয়।’