পঞ্চম সংশোধনীসহ উচ্চ আদালতের বিভিন্ন রায় নিয়ে সংসদে বিতর্ক
রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার সময় সংসদে সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রাণবন্ত বিতর্ক হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম থেকে জিয়াউর রহমানের নাম বাদ দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে বিরোধী দল ওয়াকআউট করলেও এই আলোচনার সময় তারা আবার সংসদে যোগ দেয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে আজকের আলোচনায় রাজনৈতিক বিরোধিতা থাকলেও কোনো ধরনের বিষোদগার ছিল না।আলোচনায় অংশ নিয়ে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলেন, ‘পঞ্চম সংশোধনী বাতিল করে উচ্চ আদালত একটি ঐতিহাসিক রায় দিয়েছেন, যা আমরা অনেক দিন ধরে চেয়েছিলাম। তৃতীয় সংসদে সালাউদ্দিন কাদের চৌধুরীও এ সংশোধনীকে অবৈধ বলে সেদিন সংসদ থেকে ওয়াকআউট করেছিলেন। কিন্তু আজ তিনি আদালতের সে সম্পর্কিত রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’ তিনি আরও বলেন, যারা অবৈধ পন্থায় সরকার দখল করে, তাদের রাষ্ট্রদ্রোহী ঘোষণা করার একটি সিদ্ধান্ত প্রস্তাব পঞ্চম সংসদে আনা হয়েছিল। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জোরে আইন-আদালতের দোহাই দিয়ে সেদিন বিএনপি তা প্রত্যাখ্যান করেছিল। কিন্তু আজ আদালত সেই কথাই বলেছেন।বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, সংসদই এ দেশের সবচেয়ে বড় আদালত। অথচ হাইকোর্ট এখন সংসদ ও সরকারের নির্বাহী বিভাগের ওপর নগ্নভাবে হস্তক্ষেপ করছেন। এটা মেনে নেওয়া যায় না। পঞ্চম সংশোধনী বাতিলের কথা তুলে ধরে তিনি বলেন, ‘তাহলে আমরা কি সব অবৈধ হয়ে যাব?’ তিনি প্রশ্ন তুলে বলেন, সংবিধানে দেওয়া দায়িত্ব পালনে সংসদ কি তাহলে ব্যর্থ হচ্ছে? সংসদ নেতা শেখ হাসিনার সরকারের সময় এভাবে বিচার বিভাগের কাছে আত্মসমর্পণ করব, এটা মেনে নেওয়া যায় না। শেখ মুজিবুর রহমানের কন্যার কাছ থেকে এটা আমরা আশা করি না। জেলা জজকে সচিব কিংবা সেনাবাহিনী প্রধানের ওপরে মর্যাদা দেওয়ার এখতিয়ারও আদালতের নেই। এটা নির্বাহী বিভাগের কাজ।আলোচনায় আরও অংশ নেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আবদুল ওয়াদুদ, ধীরেন্দ্রচন্দ্র দেবনাথ, পারভীন তালুকদার, সাহেদা তারেক, বিএনপির বরকতউল্লাহ বুলু, আশরাফউদ্দিন নিজান প্রমুখ।আলোচনা শেষে সংসদের বৈঠক আগামীকাল বুধবার বিকেল তিনটা পর্যন্ত মুলতবি করা হয়।