পঞ্চমে মেয়েরা এগিয়ে, জিপিএ-৫ দুই লাখের বেশি
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের পাসের হার ৫৪ দশমিক ৫৪ শতাংশ। ইবতেদায়িতে পরীক্ষায় এই পাসের হার ৫২ দশমিক ৬১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৩৩ হাজার ১৪০ জন শিক্ষার্থী।আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন এ ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বলা হয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় ২৪ লাখ ৮১ হাজার ১১৯ জন। পাসের হার ৯৭ দশমিক ৩৫ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছে ৪৫ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৩০ হাজার ২২২ জন। অন্যদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল দুই লাখ ৭৬ হাজার ৩৭৬ জন শিক্ষার্থী। পাসের হার ৯২ দশমিক ৪৫ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৩৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৯২০ জন শিক্ষার্থী। ফলাফলের দিক দিয়ে সারা দেশে সেরা প্রতিষ্ঠান হিসেবে প্রথমে রয়েছে রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় ন্যাশনাল আইডিয়াল স্কুল এবং তৃতীয় স্থানে রয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ।মন্ত্রী জানান, এবার মোট ৭২ হাজার ২২৭টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তবে ৭১০টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি।বিভাগের দিকে ফলাফলের শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ। জেলার দিক দিয়ে এগিয়ে রয়েছে লালমনিরহাট। পাসের হার সবচেয়ে কম সিরাজগঞ্জ জেলায়।পাসের হার বাড়লেও শিক্ষার মান বেড়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দাবি করেন, শিক্ষার মান বেড়েছে।সমাপনী পরীক্ষার ফল www.dpe.gov.bd এবং www.dpe.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।