পঞ্জিকা আছে, থাকবে
পঞ্জিকা খুলে দেখি, ১ বৈশাখ রোজ বুধবার যাত্রা নাস্তি। অর্থাৎ দূরে কোথাও যাওয়া যাবে না। সন্ধ্যা ছয়টা ১৩ মিনিট পর্যন্ত স্ত্রী-তৈল-মৎস্য-মাংসাদি সম্ভোগ নিষেধ। সন্ধ্যার পর কুমড়ো খাওয়া যাবে না। আমি মীন রাশির জাতক। আমার রাশিফলে আছে শত্রুক্ষয়। অর্থাৎ শত্রুনাশ হবে।যাঁরা বিজ্ঞানমনস্ক ও আধুনিক, তাঁরা বলবেন, এসব গাঁজাখুরি কথা। ওসব মানলে আর ঘর-সংসার করা যাবে না। তাঁরা মানুন আর না মানুন, গ্রামবাংলার অনেক গৃহস্থ-পরিবার, বিশেষত হিন্দুরা, কমবেশি এসব মেনে নিয়েই দিব্যি ঘর-সংসার করছেন বছরের পর বছর ধরে। পঞ্জিকা দেখেই তারা শুভ দিনক্ষণ নির্ধারণ করছেন। বিয়েশাদি, অন্নপ্রাশন, গৃহনির্মাণ, নবান্ন, পূজা, বিদ্যারম্ভ থেকে অনেক ক্ষেত্রেই তাঁদের জীবন পঞ্জিকানির্ভর।কী নেই পঞ্জিকায়! আছে সরকারি ছুটির তালিকা, বিভিন্ন ধর্মের মানুষের পরবের তারিখ, বিজ্ঞাপন জ্যোতিষ বচনার্থ, দৈনিক ও বার্ষিক রাশিফল, রাষ্ট্রের বর্ষফল, সূর্যোদয়-সূর্যাস্ত, শুভক্ষণ ও যোগ, তিথি ছাড়াও নানা ধরনের তথ্য।ভারতীয়রা যখন পঞ্জিকা ব্যবহার শুরু করে, তখন কিন্তু পঞ্জিকায় এত সব তথ্যের সমাহার ছিল না। প্রায় সাড়ে তিন হাজার বছর আগে বৈদিক যুগের ঋষিরা যজ্ঞানুষ্ঠানের জন্য সূর্য ও গ্রহের অবস্থান নির্ণয়ের যে হিসাবব্যবস্থা চালু করেছিলেন, সেটিই আজকের পঞ্জিকার ভিত্তিভূমি। তাঁরা ঋত বিভাগেরও ব্যবস্থা করেছিলেন। সূর্যের অবস্থান দেখে তারা নির্ণয় করতেন উত্তরায়ণ ও দক্ষিণায়ণ। এই দুটি অয়নকাল মিলে দুটা বছর। বছরকে তাঁরা ভাগ করেন ১২ মাসে। আমরা এখন মাসের যে নাম ব্যবহার করি, তা বৈদিক ঋষিদের জানা ছিল না। তখন ছিল না তিথি বিভাগও, তবে পূর্ণিমা ও অমাবস্যার ব্যবহার পঞ্জিকায় ছিল।খ্রিষ্টপূর্ব ১০০০ অব্দে বেদাঙ্গ জ্যোতিষে অধিকতর বিজ্ঞানভিত্তিক হিসাব চালু হয়। বছরের শুরু ধরা হয় উত্তরায়ণের প্রথম দিন থেকে। শুরু হয় চান্দ্রমাসের ব্যবহার। খ্রিষ্টপূর্ব চার থেকে পাঁচ শতকে আরও সূক্ষ্ম গণনা-পদ্ধতি চালু হয়। আর্যভট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত ও অন্য জ্যোতির্বিদেরা এই নতুন গণনা-পদ্ধতি শুরু করেন। মুদ্রণব্যবস্থা চালু হওয়ার পর পঞ্জিকায় ফলিত জ্যোতিষ ব্যবহার শুরু হয়েছে। সংক্ষেপে ফলিত জ্যোতিষের কাজ হচ্ছে ভাগ্য গণনা। এখন আমরা যে পঞ্জিকা ব্যবহার করি, তাতে রয়েছে প্রধানত চারটি ভাগ—বিজ্ঞাপন, জ্যোতিষ বচনার্থ, মূল দিনপঞ্জি ও অন্যান্য তথ্য।পাকিস্তান আমলে সবচেয়ে বেশি চালু ছিল পিএম বাগচীর পঞ্জিকা। বেণীমাধব শীলের পঞ্জিকাও বেশ চলত। বাংলাদেশে এখন সবচেয়ে বেশি চলছে লোকনাথ ডাইরেক্টরি পঞ্জিকা।কৈশোরে পিএম বাগচীর পঞ্জিকার বিজ্ঞাপন পড়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতাম। বিচিত্র সেসব বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপন পড়েই জেনেছি, ফুল আপনার ভাগ্য বলে দিতে পারবে, এক্সট্রা স্ট্রং মাদুলি ব্যবহার করলে সব বালাই কেটে যাবে, অমুক জ্যোতিষার্ণব বা জ্যোতিষশাস্ত্রী বলে দিতে পারেন ভাগ্যে কী আছে, গ্রহশান্তির জন্য দিতে পারেন বিশেষ ধরনের মাদুলি বা ব্যবস্থাপত্র, দিতে পারেন বিশেষ কোনো রত্ন ধারণের। রাক্ষুসে লাল মুলার বীজ কোথায় পাওয়া যাবে তার ঠিকানা দিয়েও ছাপা হয়েছে বিজ্ঞাপন। হিন্দুদের বিভিন্ন পূজা, শ্রাদ্ধে কী কী উপকরণ লাগবে, তার ফর্দ বা তালিকাও রয়েছে পঞ্জিকার পাতায়। শাস্ত্রের উত্তরাধিকারী কে হবে, তারও ক্রম পাওয়া যাবে পঞ্জিকার পাতা খুললে।যুগের পরিবর্তন ও জ্ঞান-বিজ্ঞানের প্রসারের সঙ্গে সঙ্গে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টেছে, কেটেছে অনেক কুসংস্কার, ফলিত জ্যোতিষের ওপরও মানুষের আস্থা কমেছে। কিন্তু একেবারে মুছে যায়নি। শিক্ষিত হওয়ার পরও পাথরের গুণাগুণে বিশ্বাস করে, এমন মানুষের অভাব নেই। যে বিশ্বাস নিয়ে তাঁরা মাদুলি বা আংটি ধারণ করেন, প্রায় সেই একই বিশ্বাস ও সংস্কার নিয়ে গ্রামের সাধারণ মানুষ পঞ্জিকায় লেখা তথ্যে বিশ্বাস করেন। পাঁজি তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে দিকনির্দেশিকা হিসেবে কাজ করে। সে জন্য বলা চলে, বাংলার পল্লিসমাজ, বিশেষত হিন্দুসমাজ, এখনো পঞ্জিকানির্ভর। পঞ্জিকা আছে, থাকবে, হয়তো দীর্ঘদিন ধরেই থাকবে।