পটিয়ায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু
পটিয়া পৌরসভার কাগজীপাড়া এলাকায় গতকাল শনিবার রাতে আগুনে পুড়ে এক শিশু মারা গেছে। একই সঙ্গে আগুনে পুড়ে গেছে তিনটি ঘর। নিহত শিশুটির নাম ইয়াসমিন আক্তার (২)। সে মো. আলমের মেয়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রান্নার চুলা থেকে রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় সবাই ঘুমাচ্ছিল। আগুন দেখে সবাই বের হয়ে এলেও ইয়াসমিনকে বের করা যায়নি। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুই লাখ টাকা ক্ষতি হয়। এদিকে পৃথক আরেকটি অগ্নিকাণ্ডে নগরের নয়াবাজার বিশ্বরোডে গতকাল রাতে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এতে এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। জানা গেছে, রাত একটা ৪০ মিনিটে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিভিন্ন মালিকের ছয়টি দোকান পুড়ে যায়। দোকানের মালিকেরা ক্ষয়ক্ষতি আরও বেশি বলে দাবি করেছেন।