পটিয়ায় আবাসন প্রকল্পের জন্য উজাড় পাহাড়-গাছ
চট্টগ্রামের পটিয়া কেলিশহরের খিল্লাপাড়া এলাকায় গাছ ও পাহাড় কেটে চলছে পটিয়া মডেল টাউন আবাসন প্রকল্পের কাজ। ইতিমধ্যে পাহাড়ি এলাকার প্রায় ১২ একর জমির পাঁচ হাজারের বেশি গাছ কেটে ফেলা হয়েছে। চলছে দুটি এস্কাভেটর দিয়ে পাহাড়ের মাটি সমান করার কাজ। আবাসন প্রকল্পে ইটের জোগান দিতে তৈরি করা হচ্ছে ইটভাটা। শামীম রিয়েল এস্টেট নামে একটি প্রতিষ্ঠান এই আবাসন প্রকল্প তৈরি করছে। গত বুধবার প্রকল্প এলাকায় গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু হায়াত মোহাম্মদ রহমত উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী ও পুলিশ সদস্যদের দেখা যায়। তাঁরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা পালিয়ে যান। তিমির বরণ বলেন, ‘এভাবে দিন-রাত এখানে পাহাড় ও গাছ কাটা হচ্ছে। কেউ কিছু বলছে না।’সহকারী কমিশনার বলেন, ‘আমাদের আসার খবর পেয়ে শ্রমিকেরা পালিয়ে গেছে। পটিয়া মডেল টাউন প্রকল্পের সীমানা নিয়ে সরকারের সঙ্গে মামলা চলছে। তারা এখন যে গাছ ও পাহাড় কাটছে, সেটা কেনা জমি। তবে এভাবে পাহাড় ও গাছ কাটা আইনত দণ্ডনীয়। তাই আমরা এখন মৌখিকভাবে তা বন্ধ রাখতে বলেছি।’সরেজমিনে দেখা যায়, আবাসন প্রকল্প এলাকায় পাহাড়ের এক পাশে শামীম রিয়েল এস্টেটের একটি সাইনবোর্ড লাগানো হয়েছে। পাহাড়ের নিচে জমিতে চলছে ইট তৈরির কাজ। পাহাড়ের ওপর পড়ে আছে কোদাল ও কুড়াল। কিছুক্ষণ আগেও সেখানে অন্তত ১০ জন শ্রমিক গর্জন, গামারি, ইউক্যালিপটাসসহ বিভিন্ন জাতের গাছ কাটছিলেন। পাহাড়ের ওপর দুটি স্ক্যাবেটর রয়েছে। ইতিমধ্যে স্ক্যাবেটর দিয়ে পাহাড়ের মাঝখান সমান করা হয়েছে। কিছু গাছের খণ্ড ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। কাটা গাছ রাতে ট্রাকযোগে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।পাহাড় ও গাছ কাটার কথা স্বীকার করে শামীম রিয়েল এস্টেটের মালিক মো. শামীমুজ্জামান বলেন, ‘আরে ভাই মানুষ ঘুমাতে পারে না, রাস্তায় থাকে। পরিবেশের কথা বলে আপনার লাভ কি? আপনারা কি চান না, এখানে একটা বিশ্ববিদ্যালয় হোক, একটা মেডিকেল কলেজ হোক?’ পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হোসেন বলেন, ‘প্রথমে প্রতিষ্ঠানটি কিছু সরকারি জমি প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করে বিজ্ঞাপন দিয়েছিল। তখন আমরা সাইনবোর্ড ভেঙে দিই। এখন তারা যেখানে গাছ ও পাহাড় কাটছে, সেগুলো ব্যক্তি থেকে কেনা। তার পরও তিনি পাহাড় ও গাছ কাটতে পারেন না। এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। পরিবেশ অধিদপ্তরকেও বিষয়টি জানানো হয়েছে।’পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. জাফর আলম বলেন, ‘ব্যক্তিগত জমি হলেও গাছ ও পাহাড় কাটা বেআইনি। গাছ কাটতে হলে বন বিভাগের অনুমতি লাগবে। পাহাড় তো কাটা যাবেই না। এ বিষয়ে একটা নোটিশ দিয়েছি। প্রয়োজনে মামলা করব।’স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রকল্প এলাকায় পাহাড় ও গাছ কাটা হচ্ছে ১০-১২ দিন ধরে। আর ইট তৈরি করা হচ্ছে মাসখানেক থেকে। ইতিমধ্যে কয়েক লাখ ইট তৈরি করা হয়েছে। কিন্তু ইটভাটার কোনো অনুমোদন নেওয়া হয়নি।’পরিবেশ বিধি অনুযায়ী, লোকালয়ের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা তৈরি করা যায় না। কিন্তু যেখানে ইটভাটা করা হচ্ছে, সেখান থেকে কেলিশহর গ্রামের দূরত্ব মাত্র কয়েক শ গজ। প্রসঙ্গত, গত বছরের শুরু থেকে শামীম রিয়েল এস্টেট বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে পটিয়া মডেল টাউন প্রকল্পের নামে প্লট বিক্রি শুরু করে। এ ছাড়া চট্টগ্রাম নগর ও পটিয়ার বিভিন্ন স্থানে তারা সাইন বোর্ড লাগায়। সাইন বোর্ডে প্রকল্প এলাকার সীমানা দেখানো হয়, পটিয়া কেলিশহরের পাহাড়ি এলাকার ১৭৪ একর জমি। সাইনবোর্ডে বিভিন্ন দাগ নম্বরও উল্লেখ করা হয়। পরে পটিয়া ভূমি কার্যালয় ওই দাগের জমিগুলো সরকারি খাসজমি দাবি করে একটি মামলা করে। মামলাটি আদালতে বিচারাধীন। এর পরও শামীম রিয়েল এস্টেট খিল্লাপাড়া এলাকায় প্রায় ১৫ একর ব্যক্তিগত জমি ও পাহাড় কিনে আবাসন প্রকল্পের কাজ শুরু করে। শামীম রিয়েল এস্টেটের মালিক শামীমুজ্জামান প্রতিবেদনটি পত্রিকায় না ছাপানোর অনুরোধ জানিয়ে বলেন, ‘যেখানে গাছ কাটা হচ্ছে, সেগুলো আমার কেনা জমি। এ জন্য এক বছর আগে বন বিভাগের অনুমতি নিয়েছি। আর স্ক্যাবেটর দিয়ে পাহাড় থেকে কাটা গাছের মূলগুলো তোলা হচ্ছে কেবল। ১৭৪ একর জমি নিয়ে আমাদের সঙ্গে সরকারের মামলা চলছে। আপনারা তো আগেও দুবার প্রতিবেদন করেছিলেন। এর ফলাফল কি?’ তবে বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা সত্যজিৎ রায় বলেন, ওই এলাকায় কোনো প্রতিষ্ঠানকে গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি।