পটিয়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত
চট্টগ্রামের পটিয়ায় বিমান বাহিনীর একটি জঙ্গি বিমান প্রশিক্ষণ মিশনে দুর্ঘটনার কবলে পড়েছে। অ্যাটাক-৫ নামের ওই বিমানটি আজ রোববার বেলা তিনটার দিকে এ দুর্ঘটনার কবলে পড়ে। তবে বিমানের দুই পাইলট অক্ষত আছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্র জানিয়েছে।বিমানটির পাইলট ফ্লাইট লে. আরাফাত প্রথম আলো ডটকমকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তিনি বিমানটির নিয়ন্ত্রণ হারান। তাই তিনি ঝুঁকির মুখে প্যারাসুট নিয়ে বিমান থেকে লাফ দেন। অপর পাইলটও নিরাপদে অবতরণ করেন।স্থানীয় লোকজন জানান, প্যারাসুট নিয়ে পাইলট পটিয়ার ভাটির খাইন ইউনিয়নের বাকখালী গ্রামে অবতরণ করেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে। অন্যদিকে বিমানটি ওই গ্রামের পূর্বপাশে চানখালী খালের পাশে পড়ে বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিতে পড়ে বিমানটির কিছু অংশ মাটির ভেতর ঢুকে গেছে। বিমানের গায়ে এস-৭০ বোয়িং লেখা দেখা গেছে।আইএসপিআর সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় কোন সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।