পটিয়ায় বৌদ্ধবিহার ও হিন্দুমন্দিরে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার পর এবার চট্টগ্রামের পটিয়ার লাখেরা অভয় বৌদ্ধবিহারের মূল মন্দিরসহ পাঁচটি শাখামন্দির ভাঙচুর করা হয়েছে। পরে একটি হিন্দুমন্দিরও ভাঙচুর করা হয়। আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ ও হিন্দুধর্মাবলম্বীরা ঘটনাস্থলে বিক্ষোভ করেছে। পুলিশ ও ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানায়, চার থেকে ৫০০ লোক লাখেরা অভয় বৌদ্ধবিহারের মূল মন্দির ও একই চত্বরের আরও চারটি শাখামন্দির ভাঙচুর করে। এ সময় তারা বৌদ্ধধর্মাবলম্বীদের ছয়টি বাড়িতেও ভাঙচুর চালায়। এরপর ওই সব লোক পার্শ্ববর্তী কোলাগাঁও বৌদ্ধবিহারে এবং নবারণ সংঘ দুর্গাবাড়ী হিন্দুমন্দির ভাঙচুর করে। চট্টগ্রাম-১১ আসনের সাংসদ শামসুল হক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, শিকলবাহা এলাকায় জাহাজ নির্মাণ কারখানা ওয়েস্টার্ন মেরিনের শ্রমিকেরা ভাঙচুর চালিয়েছেন বলে তিনি খবর পেয়েছেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, গতকাল রাতে রামুর বৌদ্ধবিহারে আগুন ও ভাঙচুরের ঘটনার জের ধরে আজ দুপুর ১২টার দিকে ওয়েস্টার্ন মেরিনের শ্রমিকেরা ভাঙচুর চালান। লাখেরা অভয় বৌদ্ধবিহারের সাধারণ সম্পাদক সুজিত বড়ুয়া প্রথম আলো ডটকমকে জানান, তাঁরা খবর পেয়েছিলেন যে আজ সকালে ওয়েস্টার্ন মেরিনের শ্রমিকদের বৈঠক হয়েছে। বৈঠকের পরে তাঁরা ভাঙচুর করেছেন।এ ব্যাপারে যোগাযোগ করা হলে ওয়েস্টার্ন শিপইয়ার্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘যে স্থানে ঘটনাটি ঘটেছে আমাদের কার্যালয় থেকে ওই স্থানের দূরত্ব দুই কিলোমিটার। আমাদের কোনো কর্মচারী ওখানে যাননি। আমাদের এখানে অনেকে সাব-কন্ট্রাক্টে কাজ করেন। তাঁরা কেউ যেতে পারেন। তবে তাঁরা আমাদের কর্মচারী নন।’ এ ঘটনার সঙ্গে আমাদের প্রতিষ্ঠানের কোনো কর্মচারী জড়িত থাকলে তাঁকে আইনের হাতে তুলে দেওয়া হবে বলেও তিনি জানান।