পটিয়ায় মসজিদের কর্তৃত্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
চট্টগ্রামের পশ্চিম পটিয়ার ফকিরনির হাট এলাকায় মসজিদে কর্তৃত্ব প্রতিষ্ঠার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে তিন পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পরপর পশ্চিম পটিয়ার সুন্নি অধ্যুষিত জুলদা ইউনিয়ন ও ওহাবি অধ্যুষিত বড় উঠান ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।সংঘর্ষের সময় ১০টি দোকান, সাত-আটটি বাড়িঘর ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের আঁচে মসজিদের প্লাস্টিকের কাচ গলে যায়। ভাঙচুর করা হয় পাঁচটি বাস ও অটোরিকশা। এ ঘটনায় আনোয়ারা পিএবি সড়কে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে পুলিশ। ফায়ার ব্রিগেডের দুটি গাড়ি দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে সিএমপির উপকমিশনার (বন্দর) কুসম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘সুন্নি ও ওহাবিদের মধ্যে মসজিদে কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে এই অনাঙ্ক্ষাকিত ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষ ভাঙচুরে লিপ্ত হয়। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত এখানে পুলিশ মোতায়েন থাকবে।’স্থানীয় সূত্র জানায়, ফকিরনির হাট এলাকায় অবস্থিত একটি পুরোনো মসজিদে কর্তৃত্ব নিয়ে বড় উঠান ও জুলদা ইউনিয়নের লোকজনের অনেক দিন ধরেই বিরোধ চলছে। বড় উঠানের বাসিন্দারা মসজিদটির নাম বায়তুল ইকরাম মসজিদ আর জুলদার লোকজন এটিকে জাফর আলী মুন্সির জামে মসজিদ হিসেবে দাবি করে আসছেন। এই দুই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান যথাক্রমে আমজাদ হোসেন ও রফিকুল ইসলাম এই দুই পক্ষের নেতৃত্বে রয়েছেন। বিরোধ নিরসনে গত মাসে এই মসজিদে জিয়াউদ্দিন নামের এক নতুন ইমাম নিয়োগ করা হয়। ওই ইমামকে বড় উঠানের লোকজন সুন্নিদের লোক বলে অভিযোগ করে আসছে। দুই পক্ষের মধ্যে উত্তেজনার কারণে কিছুদিন ধরে শুক্রবার জুমার নামাজের সময় মসজিদ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। আজও প্রায় ১০ জন পুলিশ মোতায়েন ছিল। কিন্তু নামাজ শেষ হওয়ার পরপর দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনার পর প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যানরা দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও পুলিশ জানায়।