পটিয়ায় সেতুর রেলিং ভেঙে বাবা-ছেলেসহ নিহত ৩
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া উপজেলায় খরনা সেতুর রেলিং ভেঙে মাইক্রোবাস খালে পড়ে তিনজন নিহত ও একজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন—চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর গ্রামের আবদুস সোবহান (৪০), তাঁর ছেলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র আবু মোহাম্মদ ওহাইদুল ইসলাম নির্ঝর (৮) এবং মাইক্রোবাসের চালক সাতকানিয়া উপজেলার এওছিয়া গ্রামের অনুপ দাশ (৪৮)। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করলেও মাইক্রোবাসটি পানিতে নিমজ্জিত ছিল। পরে রাত ১২টায় চট্টগ্রাম থেকে রেকার এনে এটি উদ্ধার করা হয়। এ সময় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ ইনচার্জ সার্জেন্ট আরিফ জানান, মাইক্রোবাসটি আমিরাবাদ থেকে চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। সেতুটি অনেক দিনের পুরোনো, সরু ও রেলিং ভাঙা থাকায় বারবার সেখানে দুর্ঘটনা ঘটছে।উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর চন্দনাইশ থেকে ফেরার পথে একটি টেম্পো এ সেতু থেকে নিচে পড়ে প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাকের দুই বছর বয়সী মেয়ে মারা যায়।