পটুয়াখালী ও পিরোজপুরে সংঘর্ষে আহত ৫০
পিরোজপুর ও পটুয়াখালীতে অবরোধকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছেন। বরিশালে বিএনপি-জামায়াতের ১৪ কর্মীকে আটক করেছে পুলিশ।পিরোজপুর প্রতিনিধি জানিয়েছেন, জেলার জিয়ানগর উপজেলা সদরে অবরোধ চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের সংঘর্ষে ২৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ছয়জন পুলিশ সদস্য, তিনজন আওয়ামী লীগ ও ১৫ জন ১৮ দলীয় জোটের নেতা-কর্মী। সংঘর্ষ চলাকালে ৫৫ রাউন্ড গুলিবর্ষণ ও ১৮ দলের তিনজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।পটুয়াখালী অফিস জানিয়েছে, সেখানে অবরোধকারীদের সঙ্গে আওয়ামী লীগের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পটুয়াখালীর বসাক বাজার ও শিয়ালীর বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। বিমানবন্দর এলাকা সড়কে দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন ১৮ দলীয় জোটের কর্মীরা। সেখান থেকে চারজনকে আটক করে পুলিশ।বরিশাল অফিস জানিয়েছে, বরিশালে অবরোধকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব-পুলিশ কাঁদানে গ্যাসের শেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। বরিশালসহ বিভিন্ন উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ১৪ কর্মীকে আটক করা হয়েছে। পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন বিএনপি কর্মী আহত হন।এ ব্যাপারে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৬টি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।