পটুয়াখালী, কিশোরগঞ্জ, নরসিংদী, বরগুনা ও চাঁদপুরে আজ ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী, কিশোরগঞ্জ, নরসিংদী, বরগুনা ও চাঁদপুরের কয়েকটি গ্রামের লোকজন আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। পটুয়াখালীর ২২টি গ্রামের পাঁচ হাজার পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। প্রতিবছরের মতো এবারও পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরিফের পীর, চট্টগ্রামের সাতকানিয়ার পীর এবং চট্টগ্রামের পটিয়ার এলাহাবাদ পীরের এ অঞ্চলের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। এদিকে আমাদের কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, আজ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ গ্রামের লোকজনও প্রতিবছর ঈদ উদযাপন করে থাকে। নরসিংদীর তিনটি গ্রামের লোকজন আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে।আমাদের আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী, হলদিয়া ইউনিয়নের চিলা ও কুকুয়া ইউনিয়নের কুকুয়া গ্রামের ৪০০ পরিবারের প্রায় দুই হাজার লোক আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালন করছে।আমাদের চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের চারটি উপজেলার অর্ধশত গ্রামের মানুষ আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের মরহুম পীর মাওলানা ইসহাকের বড় ছেলে ও সাদ্রা দরবার শরিফের বর্তমান গদিনসীন পীর মাওলানা আবু জোফার মো. আবদুল হাই জানান, তাঁর বাবা সাদ্রা গ্রামের মরহুম পীর মাওলানা ইসহাক খান বিশ্বের অন্য কোথাও চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে ১৯৩১ সাল থেকে এ রীতি চালু করেন।