পটুয়াখালী জেলার পরিবার কল্যাণকেন্দ্রগুলো বেহাল
পটুয়াখালী জেলায় ৫৩টি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণকেন্দ্র রয়েছে। যোগাযোগব্যবস্থা যেখানে ভালো, সেখানে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) ও পরিদর্শিকা আছেন। অনুন্নত এলাকায় নেই বললেই চলে। তাই মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা কার্যক্রম যথাযথভাবে চলে না। ২ মার্চ সরেজমিনে সদর উপজেলার বদরপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণকেন্দ্রে দেখা যায়, সেখানে তিনটি পদের সবাই আছেন। অথচ এর পাশে ইটবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণকেন্দ্রে সব কটি পদ শূন্য রয়েছে। এ প্রসঙ্গে বদরপুর ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণকেন্দ্রের মেডিকেল অফিসার নজরুল ইসলাম বলেন, ‘সপ্তাহে চার দিন পর্যায়ক্রমে আমি ও এই কেন্দ্রের পরির্দশিকা ইটবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণকেন্দ্রে গিয়ে রোগীদের চিকিৎসাসেবা দিই। এই অবস্থায় চিকিৎসাসেবা দিতে একটু অসুবিধা হয়।’ এ প্রসঙ্গে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মু. জসিম উদ্দিন বলেন, ‘জেলার বেশ কিছু কেন্দ্রে চিকিৎসক ও পরির্দশকের পদ শূন্য থাকায় অন্যগুলোয় যাঁরা কর্মরত আছেন, তাঁদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। জরুরি ভিত্তিতে শূন্যপদগুলো পূরণ হলে মা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।’