পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি
পটুয়াখালী শহরের পিডিএসএ মাঠসংলগ্ন মহিলা সংস্থার মার্কেটে অগ্নিকাণ্ডে ব্যবসাপ্রতিষ্ঠান, বসতবাড়িসহ ২৩টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতের এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে রাজ্জাক হাওলাদার (৩৫) নামের একজন আহত হন। দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, রাত পৌনে দুইটার দিকে মার্কেটের জলিল সিকদারের লেপ-তোশক ও তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পরে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান, একটি এনজিও প্রতিষ্ঠান ও ১১টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. বেলাল উদ্দিন জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এদিকে আজ বুধবার সকালে সাংসদ ও ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলে তাদের সহযোগিতা করার আশ্বাস দেন।