পটুয়াখালীতে কাছিম ও কুঁচে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সেতুর টোলঘর এলাকায় আজ শুক্রবার সকালে একটি যাত্রীবাহী বাস থেকে ৩০টি ছোট-বড় কাছিম ও দুই মণ কুঁচে উদ্ধার করা হয়েছে। পুলিশ ও মত্স্য বিভাগের কর্মকর্তারা এই অভিযান চালান।এসব কাছিম ও কুঁচে পটুয়াখালীর কলাপাড়া থেকে ঢাকায় পাঠানো হচ্ছিল। এ সময় বাসের সুপারভাইজার মো. মনিরুজ্জামানকে আটক করা হয়। বন বিভাগ কার্যালয় সূত্র জানায়, সকাল আটটায় পটুয়াখালীর কলাপাড়া থেকে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে রওনা হয়। সাড়ে ১০টার দিকে বাসটি পটুয়াখালী সেতুর টোলঘরে পৌঁছার পর পুলিশের সহযোগিতায় মত্স্য বিভাগের কর্মকর্তারা বাসটিতে তল্লাশি চালান। তাঁরা এ সময় ড্রামে ভর্তি কাছিম ও কুঁচে উদ্ধার করেন। পুলিশ ও মত্স্য বিভাগ থেকে খবর পেয়ে বন বিভাগের সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা ফারুক হোসেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা কাছিম ও কুঁচে জব্দ করেন।রেঞ্জ কর্মকর্তা ফারুক হোসেন বলেন, এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কাছিম ও কুঁচে নদীতে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।