পটুয়াখালীতে ঘনবসতি এলাকায় ইটভাটা তৈরির উদ্যোগ
পটুয়াখালীর সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামে ঘনবসতি এলাকায় ফসলি জমি নষ্ট করে ইটভাটা তৈরির উদ্যোগ নিয়েছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। ইতিমধ্যে তাঁদের শ্রমিকেরা সেখানে ইট তৈরির জন্য মাটি এনে স্তূপ করছেন। এই ঘনবসতি এলাকায় ইটভাটা তৈরির কাজ বন্ধের দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দারা পটুয়াখালী জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।এলাকার ২০১ জনের স্বাক্ষর সংবলিত লিখিত আবেদনে বলা হয়, এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি চর জৈনকাঠিতে ঘনবসতি এলাকায় ইটভাটা তৈরি করছেন। এই ইটভাটার আশপাশে মানুষের বাড়িঘর, ফসলি জমি ও গাছপালা রয়েছে। ইটভাটা তৈরি হলে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে। স্থানীয় লোকজন বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষে মো. কামাল হোসেন জানান, ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন, ১৯৮৯-এ উল্লেখ আছে, আবাসিক এলাকা ও ফলের বাগান থেকে তিন কিলোমিটারের মধ্যে ইটের ভাটা স্থাপন করার কোনো লাইসেন্স দেওয়া যাবে না। কিন্তু স্থানীয় কয়েকজন প্রভাবশালী কোনো অনুমতি না নিয়েই সেখানে ইটভাটা তৈরির উদ্যোগ নিয়েছেন। এ ব্যাপারে তিনি গত ৮ সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন করেছেন।এ ব্যাপারে ইটভাটার মালিক চর জৈনকাঠি গ্রামের হেলাল সিকদার জানান, তাঁরা কয়েকজন মিলে এই ইটভাটা তৈরি করছেন। ইউনিয়ন পরিষদ থেকে তাঁদের অনুমতি দিয়েছে। ইটভাটার লাইসেন্স পাওয়ার জন্য জেলা প্রশাসনে আবেদন করা হয়েছে এবং খুব শিগগিরই তাঁরা লাইসেন্স পেয়ে যাবেন।এ প্রসঙ্গে জৈনকাঠি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী হোসেন মৃধা জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদ থেকে তাঁদের একটি ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছে। তবে ঘনবসতি এলাকায় ইটভাটা তৈরির কোনো অভিযোগ পেলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।এদিকে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, এলাকাবাসীর পক্ষে ৮ সেপ্টেম্বর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পটুয়াখালীর জেলা প্রশাসক বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখার জন্য অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমল কৃষ্ণ মণ্ডল জানান, ইটভাটার লাইসেন্সের জন্য আবেদন করলেও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চর জৈনকাঠিতে ইটভাটা তৈরির অনুমতি দেওয়া হয়নি। অনুমতি ছাড়া ইটভাটা তৈরি করলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।