পটুয়াখালীতে চোখ উত্পাটনের মামলায় ৮ জনের যাবজ্জীবন
পটুয়াখালীতে দীন ইসলাম নামের এক ব্যক্তির দুই চোখ উত্পাটনের ঘটনায় আদালত আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। জরিমানা অনাদায়ে দণ্ডিতদের আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ বকাউল আজ বৃহস্পতিবার এই দণ্ড ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে লম্বা বশির, আলমগীর ও নাসির আজ আদালতে উপস্থিত ছিলেন। আর কালাই, সুলতান, বজলু, হালিম ও শাহ আলম পলাতক রয়েছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, শহরের টাউন কালিকাপুর এলাকার দীন ইসলাম ওরফে দিলুর সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী মিলি বেগমের বাবার বাড়ির পারিবারিক দ্বন্দ্ব ছিল। ২০০৬ সালের ২১ নভেম্বর এ নিয়ে সালিসের কথা বলে দীন ইসলাম, তাঁর ছোট ভাই কালাম মৃধা, দীন ইসলামে ছেলেমেয়ে মুন্না ও শারমিনকে নিয়ে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কালিচন্না গ্রামে রওনা দেন। বেলা তিনটার দিকে বশির, আলমগীর, বজলু, নাসির, হালিম নিজেদেরকে র্যাব সদস্য পরিচয় দিয়ে দীন ইসলামকে তাঁর আত্মীয় সাঙ্গে কথা বলতে ট্রলারে উঠিয়ে নেন। এরপর তাঁরা দীন ইসলামকে পায়রা নদীর পশ্চিম পাড়ের চরে নিয়ে চাকু, রামদা, লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। একপর্যায়ে দীন ইসলাম অচেতন হয়ে পড়লে দণ্ডপ্রাপ্তরা চাকু দিয়ে তাঁর দুটি চোখ উপড়ে ফেলেন। ২০০৬ সালের ২৯ নভেম্বর দীন ইসলামের ছোট ভাই কালাম মৃধা বাদী হয়ে ৩৬ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। ২০০৭ সালের ৩১ মে পুলিশ তদন্ত শেষে আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।