পটুয়াখালীতে জোড়া খুনের মামলায় ৮ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলার দুমকিতে জোড়া খুন মামলায় আদালত আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আদালত তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। আজ সোমবার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম মজিবুর রহমান এ আদেশ দেন। আদালত কাদের গাজী (৪৫), খলিল আকন (৩৬), সবুজ শরীফ (২৮), কবির শরীফ (৩২), রিপন শরীফ (১৯), মনির শরীফ (৩২), হারুন মৃধা (৩০) ও রফিক ডাক্তারকে (৩২) এ সাজা দেন। দোষ প্রমাণিত না হওয়ায় মামলার অপর দুই আসামি দুলাল শরীফ (৩০) ও রীনা বেগমকে (২৫) বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারি পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের লোহালিয়া নদী থেকে ট্রাকচালক এ টি এম আকতারুজ্জামান বাবুল ও তাঁর সহকারী হোছেন আহম্মেদ পাটোয়ারীর লাশ উদ্ধার করা হয়। নিহত দুজনই চাঁদপুরের বাসিন্দা। এ ঘটনায় আকতারুজ্জামানের ভাই কামরুজ্জামান মুন্না বাদী হয়ে দুমকি থানায় হত্যা মামলা করেন। পরে গোয়েন্দা পুলিশকে (ডিবি) মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পুলিশ ওই বছরের ১৫ নভেম্বর ১০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।