পটুয়াখালীতে পৌঁছাল আঁচল-৬-এর যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জে আটকা পড়া লঞ্চ আঁচল-৬ থেকে যাত্রীদের উদ্ধার করে আঁচল-৫ নামের লঞ্চটি পটুয়াখালী পৌঁছেছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে লঞ্চটি এসে পৌঁছায়। পটুয়াখালী নদী বন্দরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, আটকে পড়া লঞ্চ আঁচল-৬ থেকে সহস্রাধিক যাত্রী নিয়ে আঁচল-৫ বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর উদ্দেশে রওনা হয়। পথে বিভিন্ন স্থানে অনেক যাত্রীকে নামিয়ে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে লঞ্চটি পটুয়াখালী পৌঁছায়। লঞ্চটি আটকে পড়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে।ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার পথে সহস্রাধিক যাত্রী নিয়ে আঁচল-৬ নামের ওই দোতলা লঞ্চটি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে বাকেরগঞ্জের শ্রীপুরের কাছাকাছি বিশারচরে আটকা পড়ে। বাতাসের প্রচণ্ড চাপে লঞ্চটি ওই চরে আটকে যায় বলে জানানো হয়।আটকে থাকার সময় লঞ্চের যাত্রী স্থানীয় সাংবাদিক মোখলেছুর রহমান জানান, নদীতে প্রচণ্ড ঢেউ ও বাতাসের তীব্রতা সামলাতে না পেরে সারেং (চালক) লঞ্চটি বিশারচরে উঠিয়ে দেন। এ সময় লঞ্চটি একদিকে কাত হয়ে হেলে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লঞ্চ ডুবে যাওয়ার আতঙ্কে অনেক যাত্রী এদিক-ওদিক ছোটাছুটি করে।