পটুয়াখালীতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানাবাড়ি বেড়াতে এসে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছে সুমনা (১০) নামের এক শিশু। এ সময় তাকে ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছে সুমনার খালাতো বোন সুমাইয়া (৬)। আজ শুক্রবার সকালে পটুয়াখালী শহরের কাঠপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পারিবারিক সূত্র জানায়, সুমনা সদর উপজেলার আউলিয়াপুর গ্রামের নূর আলমের মেয়ে। সে চতুর্থ শ্রেণীতে পড়ত। সুমনা তার মা নিপা বেগমের সঙ্গে এক সপ্তাহ আগে নানাবাড়ি পটুয়াখালী শহরের কাঠপট্টি এলাকায় বেড়াতে আসে। আজ সকাল আটটার দিকে সুমনা তার খালাতো বোন শিশু শ্রেণীর ছাত্রী সুমাইয়াকে নিয়ে হোটেল থেকে নাশতা খেয়ে বাসায় ফিরছিল। ঝড়ের কারণে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বাসায় ঢোকার টিনের গেটটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। সুমনা গেট ঠেলে বাসায় ঢুকতে গেলে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যায়। সঙ্গে থাকা সুমাইয়া তাকে ডেকে তুলতে গেলে সেও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।