পটুয়াখালীতে মুঠোফোনে উত্ত্যক্তকারীকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে উত্ত্যক্ত ও পরে প্রকাশ্যে প্রেম নিবেদন এবং অশালীন আচরণ করায় পটুয়াখালীতে মাসুদ আলম (৩০) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত শাস্তি দিয়েছেন। আজ সোমবার মাসুদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জমিরানা, অনাদায়ে আরও সাত দিনের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বাড়ি জেলার দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের পারকার্তিকপাশা গ্রামে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শহরের সিঅ্যান্ডবি সড়কের এক সন্তানের জননী এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে মুঠোফোনে মাসুদ উত্ত্যক্তসহ নানাভাবে অশ্লীল কথাবার্তা বলে আসছিলেন। এমনকি ভয়ভীতিও দেখাতেন। পরে ওই গৃহবধূ মুঠোফোনে তা রেকর্ড করে গত ২৬ অক্টোবর এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে ঈদের বাজার করতে বের হন ওই গৃহবধূ। পথে শহরের রুচিতা হোটেলের সামনে মাসুদ আলম ওই গৃহবধূর পথরোধ করে আবারও প্রেম নিবেদন করেন। এ সময় গৃহবধূর স্বামী এসে উপস্থিত হয়ে এর প্রতিবাদ করলে ইভটিজার মাসুদ তাঁকেও গালিগালাজ ও হুমকি দেন। ওই গৃহবধূ বিষয়টি তাত্ক্ষণিকভাবে সেখানে উপস্থিত ভ্রাম্যমাণ আদালতকে অবহিত করেন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ইভটিজার মাসুদ আলম নিজের অপরাধ স্বীকার করায় তাঁকে এ শাস্তি দেওয়া হয়েছে।’