পটুয়াখালী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় গলাচিপা-দশমিনা আসনের সাংসদ গোলাম মাওলা রনির বিরুদ্ধে দলের নেতারা বিস্তর অভিযোগ তুলেছেন। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় সার্কিট হাউসে এই বর্ধিত সভায় রনির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়। অভিযোগ খতিয়ে দেখতে সভায় ধর্ম প্রতিমন্ত্রী এবং দলের জেলা সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাংসদ ও হুইপ আ স ম ফিরোজ, পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাংসদ মাহবুবুর রহমান তালুকদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দলের জেলা সভাপতি।দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত আটটা থেকে পৌনে ১২টা পর্যন্ত চলে বর্ধিত সভা। তবে আমন্ত্রণ জানানোর পরও গোলাম মাওলা রনি সভায় উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।রনির বিরুদ্ধে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে জানতে চাইলে সাংসদ রনি বলেন, ‘যে কেউ অভিযোগ দিতে পারে। আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। যাঁদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরাই আমার বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখবেন।’ সভার শুরুতেই সাংসদ রনির বিরুদ্ধে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশীদ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বাক্ষরিত তিন পৃষ্ঠার লিখিত অভিযোগ উপস্থাপন করা হয়। অভিযোগে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে রনি স্থানীয় নেতা-কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ৬০ হাজারেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনের পরই তাঁর আসল চেহারা প্রকাশ পায়। ২০০৯ সালের ১ জানুয়ারি গলাচিপায় দলের বর্ধিত সভায় রনি দম্ভোক্তি করে বলেন, দলীয় নেত্রী শেখ হাসিনার চেয়েও তিনি বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাই তাঁকে সেভাবেই মূল্যায়ন করতে হবে। দলের প্রত্যেককে বুঝতে হবে, তিনি কে, তাঁর ক্ষমতার উৎস কোথায়?চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালীন সাংসদ রনি তাঁর শ্যালক বিএনপি নেতা মকবুলের মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ-বাণিজ্য, বদলি-বাণিজ্য, কাবিখা, টিআরসহ সরকারি বরাদ্দ, সিডর ও আইলার বিশেষ প্রকল্পগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত্ করতে থাকেন। তিনি দলীয় নেতা-কর্মীদের মূল্যায়নের পরিবর্তে তাদের দমন-পীড়নে নামেন। স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের দিয়ে মিথ্যা ও বানোয়াট অভিযোগ এনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা করিয়ে হয়রানি করছেন।অভিযোগে আরও বলা হয়, সাংসদ রনি ১৫ আগস্ট শোক দিবস পালন করতে চান না। তবে শোক দিবসের কর্মসূচিতে সম্মত হলেও তিনি কালো ব্যাজ পরেননি। তাঁর কার্যকলাপ দলের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে সাংগঠনিক সফরে আসা দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সাবেক চিফ হুইপ ও কেন্দ্রীয় সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, জেলা সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেনসহ জেলা ও উপজেলার নেতারা।