কৃষকের আবাদি জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদে ১৬ এপ্রিল পটুয়াখালীর সদর উপজেলার চর মৈশাদী গ্রাম এলাকার জনগণ মানববন্ধন ও বিক্ষোভ করেছে। চর মৈশাদী এলাকাবাসীর ব্যানারে স্থানীয়রা এ কর্মসূচি পালন করে। সকাল সাড়ে ১০টার দিকে এলাকার কয়েক শ নারী-পুরুষ প্রথমে মানববন্ধন কর্মসূচি পালন এবং পরে বিক্ষোভ মিছিল বের করে রাস্তা নির্মাণ বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চর মৈশাদী গ্রামের দক্ষিণ ধরান্দি মৌজার ২৪ দশমিক ৫৬ একর জমি নিয়ে সেহাকাঠী নদীর পশ্চিম পাড়ের আউলিয়াপুর ইউনিয়নের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলাও হয়েছে। সুপ্রিম কোর্ট মামলায় এ জমিতে বাদী পক্ষের স্বত্ব আছে মর্মে আদেশ দিয়েছেন। এ আদেশ সংবলিত একটি সাইন বোর্ড জমির এক কোণে টানানোও রয়েছে। সম্প্রতি আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ বিরোধপূর্ণ এ জমিতে বলইকাঠি মৌজায় খেয়াঘাট থেকে আমখোলা ইউনিয়নের সীমানা পর্যন্ত মাটির রাস্তা নির্মাণের প্রকল্প গ্রহণ করে। সদর উপজেলা পরিষদ এ প্রকল্পে ছয় মেট্রিক টন চাল বরাদ্দ দিলে গত সপ্তাহে এ রাস্তার নির্মাণকাজ শুরু হয়। এতে স্থানীয় জনসাধারণের মধ্যে চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়। তারা ৭ এপ্রিল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে প্রকল্পের কাজ বন্ধ করার লিখিত আবেদন জানায়। পরে ৯ এপ্রিল ভুক্তভোগীরা পটুয়াখালী প্রেসক্লাবে তাঁদের দাবির সপক্ষে সংবাদ সম্মেলন করে। কিন্তু এরপরও সদর উপজেলা প্রশাসন প্রকল্পের কাজ অব্যাহত রাখায় তাঁরা ১৬ এপ্রিল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এদিকে স্থানীয় কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির রহমান ১২ এপ্রিল প্রকল্পটি বাতিলের জন্য সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘প্রকল্পটি বাতিলের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) নির্দেশ দেওয়া হয়েছে।’