পটুয়াখালীর ২০টি খাদ্য গুদাম অব্যবহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের নীতিমালা অনুযায়ী খাদ্যশস্য মজুদ রাখার জন্য প্রতিটি উপজেলায় অন্তত একটি করে খাদ্য গুদাম থাকার কথা থাকলেও দীর্ঘদিনে পটুয়াখালীর দুমকি উপজেলা খাদ্য গুদাম নির্মাণ করা হয়নি। অপরদিকে জেলার অন্য ছয় উপজেলায় ২৭টি খাদ্য গুদামের মধ্যে ২০টি খাদ্য গুদাম দীর্ঘদিন অব্যবহূত অবস্থায় পড়ে আছে। ব্যবহার না করায় ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব খাদ্য গুদামগুলো ব্যবহার অযোগ্য হয়ে পড়ছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা যায়, ২০০০ সালের ৮ জুলাই পটুয়াখালীর দুমকি উপজেলার যাত্রা শুরু হয়। এর ১০ বছর পরও খাদ্যশস্য মজুদ রাখার জন্য সেখানে আজও খাদ্য গুদাম নির্মাণ করা হয়নি। অথচ খাদ্যশস্য মজুদ রাখার জন্য প্রতিটি উপজেলায় অন্তত একটি করে খাদ্য গুদাম থাকার কথা।এ ছাড়া জেলার অন্য ছয় উপজেলায় ২৭টি খাদ্য গুদামের মধ্যে ২০টি অব্যবহূত অবস্থায় পড়ে আছে। এগুলো ১৯৮০ সাল থেকে ১৯৮৪ সালের মধ্যে নির্মাণ করা হয়েছে। এর মধ্যে কলাপাড়া উপজেলার মহীপুর, তেগাছিয়া ও লক্ষ্মীরহাটে অবস্থিত ছয়টি খাদ্য গুদামই ব্যবহার অযোগ্য অবস্থায় পড়ে আছে। গলাচিপা উপজেলার খারিজ্জমা, রাঙ্গাবালী, চরকাজল, চরবিশ্বাস এলাকার আটটি খাদ্য গুদামই অব্যবহূত অবস্থায় পড়ে আছে। মির্জাগঞ্জ উপজেলার কাঁঠালতলীতে দুটি ও বাউফল উপজেলার কনকদিয়া এলাকায় একটি এই তিনটি খাদ্য গুদামই ব্যবহার অযোগ্য অবস্থায় পড়ে আছে। সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় একটি ও দশমিনা উপজেলার রনগোপালদি এলাকার দুটিসহ মোট তিনটি খাদ্য গুদামই অব্যবহূত অবস্থায় পড়ে আছে। দীর্ঘ ১৩ থেকে ১৪ বছরেরও বেশি সময় ধরে এই খাদ্য গুদামগুলো অব্যবহূত অবস্থায় পড়ে আছে।বর্তমানে জেলার ছয় উপজেলায় ৭টি খাদ্য গুদামে জেলার খাদ্যশস্য মজুদ রাখা হচ্ছে। এই ৭টি খাদ্য গুদামে ১৪ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ রাখা সম্ভব। যা জেলার তিন মাসের খাদ্য চাহিদা পূরণ করতে পারে। জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দুমকি উপজেলায় খাদ্য গুদাম নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। আর নদীর নাব্য ও সড়ক যোগাযোগ না থাকায় ওই ২০টি খাদ্য গুদাম অব্যবহূত অবস্থায় পড়ে আছে। এর মধ্যে ১০টি ব্যবহার অযোগ্য। তবে অব্যবহূত খাদ্য গুদামগুলো প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে ব্যবহারের উপযোগী করে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে সরকারের যেমন আয় বাড়বে তেমনি এই খাদ্য গুদামগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে।’