পণ্ডিত ভীমসেন যোশি আর নেই
ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব পণ্ডিত ভীমসেন যোশি আর নেই। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর ভারতের পশ্চিমাঞ্চলীয় পুনে শহরের শাহাদ্রি হাসপাতালে গতকাল সোমবার তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল গভীর শোক প্রকাশ করেছেন। ভীমসেন যোশি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের আধুনিক ধারার ‘খেয়াল’ গেয়ে বিপুল খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করেন। তিনি ২০০৮ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ভারতরত্ন’ লাভ করেন। ২০০৭ সালে তিনি সর্বশেষ কনসার্টে অংশ নেন।১৯২২ সালের ৪ ফেব্রুয়ারি ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের ধারওয়াদ জেলার এক ব্রাহ্মণ পরিবারে ভীমসেন যোশির জন্ম। গায়ক হওয়ার স্বপ্নে বিভোর হয়ে মাত্র ১১ বছর বয়সে ঘর ছাড়েন তিনি। তখন ট্রেনে ট্রেনে গান গেয়ে বেড়াতেন। টিকিটের বদলে গান শুনিয়ে দিতেন চেকারদের। একসময় তিনি ভারতের তৎকালীন বিখ্যাত অভিনেতা পাহাড়ি সান্যালের বাড়িতে ভৃত্য হিসেবেও কাজ করেছেন। পাহাড়ি সান্যাল গানের সমঝদার ছিলেন, তাঁর সান্নিধ্য পাওয়া ভীমসেনের জন্য ইতিবাচক হয়েছিল। ভীমসেনের প্রথম গান রেকর্ড হয় ১৯৪৪ সালে। তখন তিনি অল ইন্ডিয়া রেডিওতে স্টাফ মিউজিশিয়ান হিসেবে কাজ করতেন। ১৯৪৬ সালে পুনেতে গুরু সাউয়ি গন্দর্ভের ৬০তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে গান গাওয়ার পরই তাঁর জীবনের মোড় ঘুরে যায়।ভীমসেন যোশি ১৯৭২ সালে ‘পদ্মশ্রী’, ১৯৭৫ সালে ‘সংগীত নাটক আকাদেমি অ্যাওয়ার্ড’, ১৯৮৫ সালে ‘পদ্মভূষণ’ ও ১৯৯২ সালে মধ্যপ্রদেশ সরকারের দেওয়া ‘তানসেন সম্মান’ পুরস্কারে ভূষিত হন।ভীমসেন যোশির মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল শোক প্রকাশ করে বলেন, দেশ এক মহান মানুষকে হারাল। দেশের শিল্পীমহলেও শোকের ছায়া নেমে আসে। গতকাল বিকেলে পুনেতে তাঁর শেষকৃত্য হওয়ার কথা। এএফপি, বিবিসি ও পিটিআই।