পণ্ডিতদের ভবিষ্যদ্বাণী
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে বিশ্লেষকদের হিসাব-নিকাশের অন্ত নেই। বিভিন্ন ঘরানার পণ্ডিতেরা এ নিয়ে তাঁদের পাণ্ডিত্য ফলাচ্ছেন। বিবিসি, ‘ওয়াশিংটন পোস্ট’সহ সংবাদভিত্তিক বিভিন্ন ওয়েবসাইটে ডেমোক্র্যাট দলের বারাক ওবামা ও রিপাবলিকান দলের মিট রমনি উভয়ের জয়-পরাজয়ের পক্ষে-বিপক্ষে পরিসংখ্যান দাঁড় করানো হয়েছে।মার্কিন রাজনীতিবিজ্ঞানী ও বিশ্লেষক ল্যারি সাবাটোর ধারণা, ২৯০টি ইলেকটোরাল কলেজ ভোট পাবেন ডেমোক্র্যাট দলের বারাক ওবামা। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট। নিউইয়র্ক টাইমসের ন্যাট সিলভারের মতে, ওবামা ৩০৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।সিএনবির জিম ক্রেমারের ধারণা, ওবামা পাবেন ৪৪০টি ইলেকটোরাল কলেজ ভোট। রয়টার্স/ইপসসের আভাস অনুযায়ী, ওবামা পাবেন ২৯৪ ভোট, ইকোনমিস্ট/ইউগভ বলছে, বর্তমান প্রেসিডেন্ট ৩০৩ ভোট পাবেন। আর পাবলিক পলিসি পোলিংয়ের হিসাবে ৩৩২টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে পারেন ওবামা।অপরদিকে রক্ষণশীল ঘরানার পণ্ডিতেরা বলছেন ভিন্ন কথা। তাঁদের মতে, ওবামা নন, ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মিট রমনিই জয়ী হবেন। রাজনৈতিক বিশ্লেষক ডিক মরিসের মতে, ৩২৫টি ইলেকটোরাল কলেজ ভোট পাবেন রমনি। ‘ওয়াশিংটন পোস্ট’-এর জর্জ উইলের ধারণা, রমনি পাবেন ৩২১টি ভোট।নিরপেক্ষ শিবিরের জোশ মার্শালের অনুমান, ৩০৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে ওবামা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।