পণ্য ওঠানো-নামানোর কাজ করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্থ অপারেটরের মাধ্যমে বন্দরের পণ্য ওঠানো-নামানোর কাজ পরিচালনা স্থগিত রাখা-সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গতকাল রোববার গৃহীত হয়নি। এ অবস্থায় বার্থ অপারেটর এবং বিলুপ্ত স্টিভিডোরিং পদ্ধতি বাদ দিয়ে বন্দর কর্তৃপক্ষ নিজেদের তত্ত্বাবধানে বন্দরের পণ্য ওঠানো-নামানোর কাজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য প্রতিটি জেটিতে (বার্থ) একজন করে পরিবহন কর্মকর্তা (টিও) নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে।জানা গেছে, বন্দর কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির আদালতে হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন করে। গতকাল চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন কোনো আদেশ না দিয়ে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠান। এতে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানো-নামানো নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।বন্দর সূত্র জানায়, বন্দরের ট্রাফিক বিভাগ গতকাল রোববার এবং আগের দিন শনিবার বন্দরের দৈনন্দিন কাজের সঙ্গে সম্পৃক্ত শিপিং এজেন্টস, সিঅ্যান্ডএফ এজেন্টসসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করে। প্রয়োজন হলে বন্দর কর্তৃপক্ষ যাতে দ্রুত কাজ শুরু করতে পারে, সে জন্য তারা এসব সংস্থার সহায়তা চায়। গতকাল বিকেলে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আর ইউ আহমেদ তাঁর দপ্তরে এ নিয়ে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী ও সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সঙ্গে বৈঠক করেন।বন্দর চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করে আহসানুল হক ও আলতাফ হোসেন বলেন, ‘আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে বার্থ অপারেটরদের কাজ চালিয়ে যাওয়া আদালত অবমাননা হলে বন্দর কর্তৃপক্ষ যাতে স্বল্প সময়ের নোটিশে কাজ শুরু করতে পারে, সে জন্য আমাদের সহায়তা চাওয়া হয়েছে। আমরা সহায়তা দিতে রাজি হয়েছি।’বন্দরের ১ থেকে ১২ নম্বর জেটিতে বর্তমানে পণ্য ওঠানো-নামানোর কাজ করছে ১২টি বার্থ অপারেটর প্রতিষ্ঠান। সিসিটি (চিটাগাং কনটেইনার টার্মিনাল) এবং এনসিটিতে (নিউমুরিং কনটেইনার টার্মিনাল) কনটেইনার ওঠানো-নামানোর কাজ করাচ্ছে সাইফ পাওয়ার টেক নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এখন মামলা-মোকদ্দমা চলছে ১ থেকে ১২ নম্বর জেটির পণ্য ওঠানো-নামানোর পদ্ধতি দিয়ে। এসব জেটিতে মূলত খাদ্যশস্য-জাতীয় পণ্য খালাস হয়।আদালত সূত্র জানায়, হাইকোর্টের একটি বেঞ্চ বার্থ অপারেটর প্রথা তিন সপ্তাহের জন্য স্থগিত করে গত ২৬ মার্চ আদেশ দেন। পণ্য খালাস-ব্যবস্থা আগের মতো স্টিভিডোরিং পদ্ধতিতে নেওয়ার আবেদন জানিয়ে বাংলাদেশ মাস্টারস স্টিভিডোরিং অ্যাসোসিয়েশনের (বিএমএসএ) করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ দেন। বিগত তত্ত্ববধায়ক সরকারের সময় চট্টগ্রাম বন্দরে ১ থেকে ১২ নম্বর জেটিতে পণ্য খালাসে স্টিভিডোরিং প্রথা বাতিল করে বার্থ অপারেটর- পদ্ধতি চালু করা হয়। এতে বন্দরের সার্বিক কার্যক্রমে ব্যাপক গতিশীলতা আসে।