পণ্য ওঠানো-নামানোর কাজ শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
বার্থ অপারেটর কিংবা স্টিভিডোরিং প্রথা বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানো-নামানোর কাজ কর্তৃপক্ষ নিজেদের তত্ত্বাবধানে শুরু করেছে। গতকাল সোমবার রাত ১২টার পালা থেকে তারা কাজ শুরু করে। পালায় জেটিতে ছয়টি ও বহির্নোঙরে ১৬টি জাহাজের পণ্য খালাসের জন্য বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় শ্রমিক-কর্মচারী নিয়োগ দেওয়া হয়।বন্দর সূত্র জানায়, বন্দরের ১২৩ বছরের ইতিহাসে এই প্রথম বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় পণ্য ওঠানো-নামানোর কাজ শুরু হলো। মধ্যরাতে নিজস্ব ব্যবস্থাপনায় কাজ শুরুর সময় বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সেখানে উপস্থিত থাকতে হয়েছে। তবে বন্দরের সিসিটি (চিটাগাং কনটেইনার টার্মিনাল) ও এনসিটির (নিউমুরিং কনটেইনার টার্মিনাল) কনটেইনার ওঠানো-নামানোর কাজ আগের মতো সাইফ পাওয়ারটেক লিমিটেড নামের বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে চালানো হবে।বন্দর সূত্রে জানা গেছে, স্টিভিডোরিং প্রতিষ্ঠানগুলোর করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত তিন সপ্তাহের জন্য বার্থ অপারেটর পদ্ধতি স্থগিত করেন। ফলে বার্থ অপারেটর পদ্ধতি চালু রাখলে আদালত অবমাননা হতে পারে—এই আশঙ্কায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে নিজেদের তত্ত্বাবধানে কাজ শুরু করে। এর আগে টানা তিন দিন বন্দর কর্তৃপক্ষ ট্রাফিক ও প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রস্তুতি সম্পন্ন করে।বন্দরের আইন উপদেষ্টা সাইফুদ্দীন প্রথম আলোকে বলেন, হাইকোর্টের স্থগিতাদেশ না মানলে আদালত অবমাননা হতে পারে—এমন আশঙ্কা থেকে বন্দর কর্তৃপক্ষ বাধ্য হয়ে এ ব্যবস্থা নিয়েছে। না হলে বন্দরের স্বাভাবিক কাজ বন্ধ করে দিতে হতো। তিনি বলেন, বন্দরের আপিলের ওপর শুনানি শেষে রায় না হওয়া পর্যন্ত নতুন ব্যবস্থায় কাজ চালাতে হবে।বার্থ অপারেটরদের প্রতিনিধি শাহাদাত হোসেন বলেন, ‘আদালতের বাধ্যবাধকতার কারণে আমাদের কাজটি বন্দর সাময়িকভাবে করছে। আমরা সর্বাত্মক সহায়তা দেব।’ তিনি বলেন, স্থায়ীভাবে বন্দর কিংবা অন্য কেউ এ কাজ চালাতে পারে না। বার্থ অপারেটরদের দিয়ে কাজ চালানোর বিষয়টি সরকারি গেজেট ও আইনের মাধ্যমে হয়েছে।এদিকে নিজস্ব ব্যবস্থাপনায় বন্দর চালুর দাবি জানিয়ে গতকাল প্রায় দিনভর বিভিন্ন শ্রমিক সংগঠন বন্দর এলাকায় সভা-সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। তারা সকালের দিকে বন্দর ভবনের প্রবেশমুখ কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখে।তত্ত্বাবধায়ক সরকারের আমলে বন্দরের ব্যাপক সংস্কারের সময় চালু করা বার্থ অপারেটিং ব্যবস্থা স্থগিত করে আগের মতো স্টিভিডোরিং প্রথা চালুর আবেদন জানিয়ে পাঁচটি স্টিভিডোরিং প্রতিষ্ঠান হাইকোর্টে রিট করেন। হাইকোর্টের একটি বেঞ্চ গত ২৫ মার্চ এই আবেদনের পরিপ্রেক্ষিতে বার্থ অপারেটর পদ্ধতি তিন সপ্তাহের জন্য স্থগিত করে রুলনিশি জারি করেন। বন্দর কর্তৃপক্ষ এই রুলনিশির বিরুদ্ধে গত সপ্তাহে লিভ টু আপিল দাখিল করে চেম্বার জজ আদালতে। চেম্বার জজ বিচারপতি মো. মোজাম্মেল হোসেন এই আপিলের ওপর শুনানি না করে তা প্রধান বিচারপতির কাছে পাঠান। প্রধান বিচারপতি এটা আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহার আদালতে পাঠান। আপিলটি এখন শুনানি পর্যায়ে আছে বলে জানা গেছে।