চট্টগ্রাম বন্দরে আগামী মাসে পরীক্ষামূলকভাবে কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি (সিটিএমএস) চালু হতে যাচ্ছে। পুরোপুরি অনলাইনভিত্তিক এই পদ্ধতিকে স্বাগত জানালেও পণ্য জাহাজিকরণের সময়সীমা বেঁধে দেওয়ায় আপত্তি করেছেন ব্যবসায়ীরা।আজ রোববার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত ‘বন্দরে পণ্য ব্যবস্থাপনা পদ্ধতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এই আপত্তির কথা জানান।ব্যবসায়িক নেতারা অভিযোগ করেন, সিটিএমএস পদ্ধতি চালু হলে জাহাজ বন্দরে পৌঁছার ২৪ ঘণ্টা আগে পণ্যবাহী কনটেইনার বন্দরে দিয়ে আসতে হবে। কিন্তু বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুরবস্থাসহ বিভিন্ন কারণে তা অসম্ভব। তখন আকাশপথে পণ্য পরিবহণ ছাড়া বিকল্প উপায় থাকবে না।ঢাকায় বিজিএমইএর নিজস্ব ভবন মিলনায়তনে সংগঠনের সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় নৌপরিবহনসচিব আবদুল মান্নান হাওলাদার প্রধান অতিথি এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম আনোয়ারুল ইসলাম, এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ ও বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংসদ শাহরিয়ার আলম, বিজিএমইএর সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী, দ্বিতীয় সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, সহসভাপতি ফারুক হাসান, সহসভাপতি এস এম মান্নান প্রমুখ।বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম আনোয়ারুল ইসলাম সিটিএমএস পদ্ধতির বিস্তারিত তুলে দেন। ৯ অক্টোবর পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম বন্দরে সিটিএমএস চালু করা হবে বলে জানান তিনি।আনোয়ারুল ইসলাম বলেন, সিটিএমএস চালু হলে কনটেইনার ব্যবস্থাপনা পুরোপুরি অনলাইনে চলে যাবে। ব্যবসায়ীরা অফিসে বসেই অনলাইন ব্যবহার করে তাঁর পাঠানো কনটেইনার সম্পর্কে জানতে পারবেন। অর্থ লেনদেনের কাজটিও সারতে পারবেন অনলাইনে।আনোয়ারুল ইসলাম আরও বলেন, সিটিএমএস চালু হলে জাহাজ বন্দরে পৌঁছার ২৪ ঘণ্টা আগে পণ্যবাহী কনটেইনার বন্দরে দিতে হবে। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ বলেন, আগে চট্টগ্রামে ছয় ঘণ্টায় কনটেইনার পাঠানো যেত। আর এখন ২০ থেকে ২৪ ঘণ্টা লাগে। গ্যাস, বিদ্যুত্ ও রাস্তার সমস্যার কারণে ৪৮ কিংবা ৭২ ঘণ্টা আগে পণ্য বন্দরে পাঠানো সম্ভব না।বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সেলিম ওসমান বলেন, তৈরি পোশাক খাতে বর্তমানে কঠিন সময় যাচ্ছে। এখন সিটিএমএস চালু করলে নতুন করে সংকট সৃষ্টি হতে পারে। তিনি কোরবানি ঈদের পর পরীক্ষামূলকভাবে সিটিএসএস চালু করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে অনুরোধ করেন।বিজিএমইএর সভাপতি মো. সফিউল ইসলাম বলেন, ‘কনটেইনার ব্যবস্থাপনা স্বয়ংক্রিয় পদ্ধতিকে আমরা স্বাগত জানাই। কিন্তু এতে কোনো ব্যবসায়ী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে নজর রাখতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনায় বসতে হবে।বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মুর্শিদী বলেন, নিজেদের সামগ্রিক অবস্থা বিবেচনা করে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা প্রয়োজন। রপ্তানি হওয়ার ৭০ শতাংশ কনটেইনার পোশাক খাতের। আর এর ৯০ শতাংশ যায় ঢাকা থেকে।সালাম মুর্শেদী আরও বলেন, ২৪ ঘণ্টা আগে পণ্য পৌঁছাতে হলে ঢাকা থেকে কমপক্ষে সাত দিন আগে পাঠাতে হবে। যা বর্তমানে একেবারেই সম্ভব নয়।মতবিনিময়ের একপর্যায়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্যবসায়ীদের তোপের মুখে পড়েন। চেয়ারম্যান তখন বলেন, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন—এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।সাংসদ শাহরিয়ার আলম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে কেপিআই ঘোষণা করতে হবে।নৌসচিব আবদুল মান্নান হাওলাদার বলেন, পণ্যপরিবহন সহজ করতে এক বছরের মধ্যে পানগাঁও ও খানপুর টার্মিনাল চালু হবে। এ ছাড়া নৌপথ উন্নয়নের জন্য বেশ কয়েকটি ড্রেজার কেনা হচ্ছে।মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন ব্যবসায়ী হাসান আবদুল্লাহ, মাহবুব চৌধুরী প্রমুখ।