পণ্য পরিবহনে বড় সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপথে টানা ১৬ দিন ধর্মঘটের পর গতকাল রোববার থেকে যখন চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস পুরোদমে শুরু হলো, ঠিক তখনই এল মঙ্গল ও বুধবারের হরতালের ঘোষণা। এতে এবার অন্তত দুই দিন স্থলপথেও পণ্য পরিবহন ব্যাহত হবে। হরতালে নৌপথে পণ্য পরিবহন হলেও স্থলপথে পরিবহন হবে না। ঘাটগুলোতে পণ্যের জট লেগে যাবে।বস্তুত, দুই মাস ধরেই নতুন নতুন বাধার মুখে পড়ছে দেশের পণ্য পরিবহন। এতে পরিবহন ব্যয় বেড়ে কেবল পণ্যের দামই বাড়ছে না, কাঁচামাল আটকে থাকায় শিল্প-প্রতিষ্ঠানে উৎপাদনও ব্যাহত হচ্ছে।মানুষ্যসৃষ্ট দীর্ঘ অচলাবস্থার সাময়িক নিরসন হয়েছে বটে, তবে ঝড়বৃষ্টি হলে বন্দরে খোলা পণ্য খালাস বন্ধ হয়ে যাবে। এতে পণ্য পরিবহনের প্রতিটি ধাপে ব্যয় বাড়বে। সর্বশেষ নৌমন্ত্রীর নতুন নির্দেশের কারণে পণ্য পরিবহনে বাড়তি খরচ যোগ হচ্ছে বলে অভিযোগ করেছেন শিল্প গ্রুপের মালিকেরা। অর্থাৎ পণ্য পরিবহন খাতের পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে উঠছে।জাহাজ কোম্পানির কর্মকর্তারা বলছেন, গত কয়েক বছরে এই বন্দরের দক্ষতার পরিচয় ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। পণ্য পরিবহনে ভাড়াও ছিল কম। স্থলপথে হরতাল এবং জলপথে কর্মবিরতি, ধর্মঘটসহ নানা কর্মসূচিতে এখন সেই ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। নতুন পণ্য আমদানিতে বাড়তি ভাড়ার প্রস্তাব দিচ্ছেন সরবরাহকারীরা। চট্টগ্রাম বন্দরের দীর্ঘ অচলাবস্থার কারণে বিদেশি জাহাজ ব্যবসায়ীরা অন্য বন্দরের সময়সূচিও ঠিক রাখতে পারছেন না বলে এর জন্য বাংলাদেশি আমদানিকারকদের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, অচলাবস্থা সাময়িক কাটলেও শঙ্কা কাটেনি। কারণ, ১৬ দিনের অচলাবস্থার কারণে এখন বিদেশি জাহাজে পণ্য পরিবহনের ভাড়া বেড়ে যাচ্ছে। এ ক্ষেত্রে প্রথমে ব্যবসায়ীরা ভুক্তভোগী হলেও শেষ পর্যায়ে ভুক্তভোগী সাধারণ জনগণই।শঙ্কার মধ্যে পণ্য খালাস: গতকাল বন্দরের প্রতিবেদনে বলা হয়েছে, বন্দরের বহির্নোঙরে থাকা ২৭টি জাহাজের মধ্যে ১৯টি থেকে খালাস হয়েছে ৪৩ হাজার ৬৫ টন পণ্য। জাহাজে আছে আরও পাঁচ লাখ ৬০ হাজার ৭৪৩ টন পণ্য।বহির্নোঙরে বেশি জাহাজ জমে যাওয়ায় পণ্য নিয়ে আসা নতুন জাহাজগুলোকে বন্দরের মোহনা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে কুতুবদিয়ায় গভীর সাগরে নোঙর করে রাখতে নির্দেশনা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গতকাল বন্দরের জাহাজ অবস্থানের চিত্রে দেখা যায়, গত তিন দিনে কুতুবদিয়ায় অবস্থানরত জাহাজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩টিতে। এসব জাহাজে আছে প্রায় চার লাখ টন ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল। আগামী দুই দিনে বন্দরে ভিড়বে এক লাখ ৭৫ হাজার টন পণ্যবাহী আরও পাঁচটি জাহাজ। পর্যায়ক্রমে প্রতিদিন পণ্যবাহী তিন-চারটি জাহাজ আসার সময়সূচি নির্ধারিত আছে।দ্রুত পণ্য খালাস করতে হলে এখন কুতুবদিয়া থেকে পণ্য পরিবহন করার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কিন্তু কুতুবদিয়া থেকে পণ্য পরিবহনে সময় ও খরচ দুটিই বেশি লাগে। এতে সংকট বাড়ছেই।সমঝোতা থেকে সংকট: শিল্প গ্রুপের আমদানি করা পণ্যের ৫০ শতাংশ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের আওতাধীন নৌযানে পরিবহনের নির্দেশনা দিয়েছেন নৌমন্ত্রী। সরাসরি না বললেও সিমেন্ট কারখানার মালিকেরা এই নির্দেশ বাস্তবায়নে আগ্রহী নন। কারণ, তাঁদের নিজস্ব নৌযানের চেয়ে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নৌযানে পরিবহন খরচ দ্বিগুণ বলে দাবি করছেন তাঁরা। এতে শিল্প গ্রুপের পণ্যের দাম বেড়ে যাবে।গত শনিবার বন্দর ভবনে নৌমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে নৌযান মালিকদের দুটি সংগঠনের সঙ্গে সমঝোতা হয়। সমঝোতা অনুযায়ী, বন্দর এলাকায় পণ্য পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নৌযানসমূহের একটি নীতিমালা প্রণয়নে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে কমিটি প্রতিবেদন দেওয়ার আগে শিল্প গ্রুপের আমদানি করা পণ্যের ৫০ শতাংশ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের আওতাধীন নৌযানে পরিবহন করতে হবে। জানতে চাইলে সিমেন্ট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন ও সুগার রিফাইনারি অ্যাসোসিয়েশনের সভাপতি মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, শিল্প গ্রুপের নিজস্ব জাহাজের বাইরে অন্য জাহাজে পণ্য পরিবহনে টনপ্রতি বাড়তি খরচ প্রায় ৩০০ টাকা। আবার ওই সব জাহাজের ইনস্যুরেন্স না থাকায় পণ্যের ক্ষয়ক্ষতি হলে ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নেই। তিনি বলেন, এতে প্রতি কেজি ভোগ্যপণ্যে এক টাকা বাড়তি খরচ হবে। ১৬ কোটি মানুষকে ভোক্তা হিসেবে এই বাড়তি টাকা গুনতে হবে।কাঁচামালের সংকট, উৎপাদনে ব্যাঘাত: সিমেন্ট তৈরির কাঁচামাল ক্লিংকার ও জিপসাম, পরিশোধিত চিনি তৈরির জন্য অশোধিত চিনি এবং আটা-ময়দা তৈরির জন্য গম আটকা পড়েছে বন্দরের বহির্নোঙরে। এমভি ভক ডেইজি জাহাজে করে বহুজাতিক কোম্পানি হোলসিম সিমেন্ট লিমিটেডের আমদানি করা কাঁচামাল ক্লিংকার খালাস হয়নি। এমভি প্যাক স্টার জাহাজে লাফার্জ সিমেন্ট লিমিটেডের আমদানি করা জিপসামও কারখানায় ঢোকেনি। হোলসিম ও লাফার্জের বাংলাদেশের লজিস্টিক প্রতিনিধি এবং এটলাস শিপিং লাইনস লিমিটেডের পরিচালক ওয়াসিউর রহমান চৌধুরী বলেন, বন্দর থেকে খালাস করলেও নদীপথে আটকা পড়েছে লাফার্জের কাঁচামাল। একইভাবে খালাস করা যায়নি হোলসিমের কাঁচামাল। কাঁচামালের অভাবে এ দুটি কারখানার উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে।ব্যবসা হারিয়েছেন বিদেশি জাহাজমালিকেরা: সিরামিকের কাঁচামালবাহী এমভি থান সান জাহাজের স্থানীয় প্রতিনিধি ট্রান্স ওশেন শিপিং লাইনের মহাব্যবস্থাপক এস এম মুছা বলেন, জাহাজটি ১৪ এপ্রিল বন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। এরপর জাহাজটি ভারতের কাকিনাদা বন্দর থেকে লবণ পরিবহন করার কথা ছিল। কিন্তু পণ্য খালাস করতে না পারায় তাঁদের লবণ পরিবহনের চুক্তিটি বাতিল করেছে ভারতীয় রপ্তানিকারক। এতে তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।একইভাবে দুটি বন্দর থেকে পণ্য পরিবহনের চুক্তি বাতিল করতে হয়েছে এমভি রবার্ট শুল জাহাজকে। এমভি প্যাক স্টারসহ অচলাবস্থায় ক্ষতিগ্রস্ত ২৭টি জাহাজের পণ্য পরিবহনের ভাড়া হাতছাড়া হয়েছে। এ অবস্থায় ভাড়া বাড়িয়ে দিয়েছেন জাহাজের মালিকেরা। অস্ট্রেলিয়া থেকে ভোগ্যপণ্য নিয়ে এমভি সিএইচসি নং থ্রি জাহাজটি চট্টগ্রামে আটকা পড়ে আছে গত ৩০ মার্চ থেকে। তাই জাহাজে থাকা ভারতীয় আমদানিকারকের পণ্য খালাস করার জন্য যেতে পারছে না সেখানে। পণ্য সরবরাহকারী অস্ট্রেলিয়ার পেন্টাগ নিদেরা আমদানিকারক বিএসএম গ্রুপকে ই-মেইলে জানায়, এই জাহাজে থাকা মটর ডালের ভারতীয় আমদানিকারক ভারতের বন্দরে নিয়ে তাদের পণ্য খালাস করার জন্য তাগাদা দিচ্ছে। সেখানে মটর ডালের দাম পড়ে যাওয়ায় তারা ক্ষতিপূরণও দাবি করছে। এমনটি হলে জাহাজের বিপুল পরিমাণ ক্ষতির অংশ বিএসএম গ্রুপকে বহন করতে হবে।বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বিষয়টি স্বীকার করে বলেন, ‘পণ্য আমদানি করতে জাহাজ পাওয়া নিয়ে অনিশ্চয়তায় আছি। আবার প্রতি টন পণ্যে বাড়তি ১০ ডলার করে দাবি করছে সরবরাহকারীরা।’শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি পারভেজ আহমেদ বলেন, জলপথের কর্মসূচি প্রত্যাহার হলেও এর রেশ থেকে যাবে দীর্ঘদিন। আর হরতালে বারবার পরিবহন ব্যাহত হলে তার প্রভাব বাজারে পড়তে শুরু করবে।